চট্টগ্রামে ধর্ষণের আসামি কোচিং শিক্ষক ‘বন্দুকযুদ্ধে’ নিহত
চট্টগ্রামের লোহাগাড়ায় এক ধর্ষণ মামলার আসামি কথিত বন্দুকযুদ্ধে র্যাবের গুলিতে নিহত হয়েছে।
সোমবার ভোরের দিকে লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র্যাব- ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. মাশকুর রহমানের ভাষ্য।
নিহত মো. সাইফুল ইসলাম (৩০) উত্তর আমিরাবাদ এলাকার আব্দুস সোবহানের ছেলে। তিনি আমিরাবাদের ঘোনাপাড়া এলাকায় ‘সৃজনশীল’ নামে একটি কোচিং সেন্টার চালাতেন।
নিহত সাইফুল ইসলাম, ফাইল ছবি
এএসপি মাশকুর রহমান বলেন, মামলা হওয়ার পর থেকে সাইফুল কোচিং বন্ধ করে দিয়ে আত্মগোপনে চলে যান। রোববার রাতে উত্তর আমিরাবাদ এলাকায় তার অবস্থানের খবর পেয়ে র্যাবের একটি দল ভোরের দিকে সেখানে অভিযানে যায়।
“র্যাবের উপস্থিতি টের পেয়ে সাইফুলের সহযোগীরা গুলি করে। র্যাবও তখন পাল্টা গুলি চালায়। কিছু সময় গোলাগুলি চলার পর সাইফুলকে গুলিবিদ্ধ অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখা যায়।”
র্যাব সদস্যরা সাইফুলকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এএসপি মাশকুর।
তিনি বলেন, র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে দুটি অগ্নোয়াস্ত্র এবং ২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
