নদীকে নদীর মতো রাখতে হবে: পরিবেশমন্ত্রী
নদীর নাব্যতা রক্ষা করে সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড করার ওপর জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
শনিবার চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের নবনির্মিত গবেষণাগার পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি বলেন, নদীমাতৃক বাংলাদেশের নদী রক্ষা করতে হবে। নদীর নাব্যতা ঠিক রেখে সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড হতে হবে। অবৈধ দখল, নদীতে কলকারখানার বর্জ্য ফেলা যাবে না। নদীকে নদীর মত রাখতে হবে।
পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তরের গবেষণাগারের মান সন্তোষজনক নয় বলে উল্লেখ করেন।
গবেষণাগারের আওতায় চট্টগ্রাম বিভাগের সকল জেলার বিদ্যমান পরিবেশ দূষণকারী শিল্প কারখানার বায়ু, শব্দ এবং তরল বর্জ্যের মান পরিবীক্ষণ করা হয়।
এসব বিষয়ে খোঁজ খবর নিয়ে মন্ত্রী বলেন, “কাজের মান সন্তোষজনক নয়। দাপ্তরিক কাজে আরও মনোযোগী হতে হবে। গবেষণাগারে কাজ করছেন কিন্তু যথাযথভাবে করছেন না, যা করছেন তা ঠিক না।”
ইট ভাটার কথা উল্লেখ করে তিনি বলেন, পরিবেশ রক্ষা করে কাজ করতে হবে। মানুষ বাঁচার মত পরিবেশ রাখতে হবে। মানুষ না বাঁচলে ইট কি কাজে লাগবে? ইট ভাটা মালিকদের বিরুদ্ধে নামে মাত্র মামলা দিলে হবে না, কার্যকরী ব্যবস্থা নিতে হবে।
“চট্টগ্রাম পাহাড় নদী ও সমতল বেষ্টিত এলাকা। চট্টগ্রামের কিছু প্রভাবশালীর কারণে পাহাড় কাটা বন্ধ করা দুঃসাধ্য ব্যাপার।”
প্রশাসনের সহযোগিতা নিয়ে পরিবেশ অধিদপ্তরকে পাহাড় কাটা সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দেন মন্ত্রী।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরী, অতিরিক্ত সচিব মো. মনসুর আলমসহ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
