শান্তিপূর্ণ বিশ্বের জন্য রাস্তায় দাঁড়িয়ে ‘প্রার্থনা’
শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলা চালিয়ে আড়াই শতাধিক মানুষকে হত্যার প্রেক্ষাপটে শান্তিপূর্ণ বিশ্বের জন্য চট্টগ্রামে রাস্তায় দাঁড়িয়ে ‘প্রার্থনা’ করেছেন খ্রিস্টান ধর্মালম্বীরা।
শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘মৌন মানববন্ধন’ নামে ব্যতিক্রমী এ কর্মসসূচিতে যোগ দেন শিশু-কিশোর, বৃদ্ধসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ।
এ প্রতিবাদ কর্মসূচিতে আনুষ্ঠানিক বক্তব্য না থাকলেও গিটার বাজিয়ে সঙ্গীতের মধ্য দিয়ে প্রার্থনা করা হয় বিশ্বশান্তির জন্য।
‘বিশ্বনেতাদের উদাসীনতার সুযোগ নিচ্ছে অপশক্তিগুলো’, ‘ক্ষমা ক্ষমার জন্ম দেয়’, ‘আমি শিশু, আমাকে বাঁচতে দাও’- এমন সব স্লোগান লেখা ব্যানার-ফেস্টুন নিয়ে হাজির হওয়া খ্রিস্ট্রা ধর্মে বিশ্বাসীরা শুধু নিজধর্ম নয়, সারা বিশ্বের মানুষের জন্য শান্তি কামনা করেন কর্মসূচি থেকে।
এতে উপস্থিত ছিলেন এ জি চার্চ স্কুলের প্রধান শিক্ষিকা জে অধিকারী, প্রকাশ মল্লিক, মৃণাল বাড়ৈ, এ জি চার্চের ফাদার আলফ্রেড অধিকারী প্রমুখ।
