২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরছাড়া সাদমানের খোঁজ মেলেনি এক বছরেও

এক বছরেও হদিস মেলেনি চট্টগ্রামের যুবক সাদমান সৌমিকের, যিনি উগ্রবাদী ইসলামী কোনো সংগঠনে জড়িয়ে পড়ে নিরুদ্দেশ হন বলে আইন-শৃঙ্খলা বাহিনীর ধারণা।

উত্তম সেন গুপ্ত

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2019, 07:45 PM

Updated : 18 Aug 2022, 05:11 PM

সাদমান (২৭) চট্টগ্রামের প্রান্তিক মেরিন সার্ভিসেস নামে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। গত বছরের ২৩ এপ্রিল ভোরে ডবলমুরিং থানার পোস্তার পাড় এলাকার বাসা থেকে নামাজ পড়ার কথা বলে বেরিয়ে আর ফেরেননি তিনি।

চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুল থেকে এসএসসি ও চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাস করে সাদমান ভর্তি হয়েছিলেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি)।

সেখান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করার পর সাদমান কয়েক মাস ঢাকায় চাকরি করলেও পরে চট্টগ্রামে ফিরে আসেন।

গত বছরের ২৪ এপ্রিল সাদমানের বাবা আব্দুল আউয়াল ছেলে নিখোঁজের খবর জানিয়ে ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তাতে তিনি বলেন, বাসা থেকে চলে যাওয়ার আগের দিন কর্মস্থল থেকে অব্যহতিও নিয়েছিলেন সাদমান।

আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাউকে কিছু না বলে সাদমান বাসা ছাড়ার পর তিনবার ফোন করেছিল। ফোন করে সে ভালো আছে বললেও কোথায় আছে সেটি জানায়নি।”

সর্বশেষ গত বছরের কোরবানির ঈদের দুই দিন আগে বাড়িতে ফোন করেছিলেন সাদমান। তারপর থেকে আর যোগাযোগ করেননি।

“যতবার ফোন করেছিল, আমি তা পুলিশকে জানিয়েছি,” বলেন আউয়াল।

নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিষয়টি গুরুত্ব নিয়ে তদন্ত করছি। পাশাপাশি বিষয়টি দেখছে ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটও।”

তিনি বলেন, পরিবারের সঙ্গে সাদমান যে মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ করেছিল, তার অবস্থান ঢাকার মোহাম্মদপুর ও গাজীপুরে শনাক্ত হলেও এই যুবকের দেখা পাওয়া যায়নি।

বাসায় ফোন করার পর সাদমানকে বলা হয়েছিল, তার মা অসুস্থ এবং হাসপাতালে ভর্তি। কিন্তু তাতেও কোনো ফল আসেনি।

পুলিশ কর্মকর্তা আশিক বলেন, “আমরা সাদমানের ল্যাপটপ ও মোবাইল ফোন দুটি জব্দ করেছি। সেখানে হার্ডডিস্ক থেকে সব ডাটা মুছে ফেলা ছিল। সেগুলো আমরা উদ্ধার করে কিছু সন্দেহজনক তথ্য পেয়েছি।”

কাউন্টার টেরোরিজম ইউনিট ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপ-কমিশনার আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সাদমানকে খুঁজছি। বিভিন্ন জায়গায় খোঁজ রাখছি।

“নিখোঁজের ধরন দেখে মনে হচ্ছে, কোনো উগ্রবাদী সংগঠনের সাথে জড়িয়ে গেছে সাদমান। আগেও যারা নিখোঁজ হয়েছিলেন, সাদমানের বাসা থেকে চলে যাওয়ার ধরনও একই।”

২০১৬ সালে ভয়াবহ গুলশান হামলার পর ঘরছাড়া বেশ কয়েকজন তরুণের জঙ্গিদের দলে ভেড়ার তথ্য বেরিয়ে এসেছিল। গুলশান হামলা চালিয়েছিলেনও এমন কয়েকজন তরুণ।

এই তরুণদের অনেকে সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেওয়ার স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছিলেন; তবে আইএসের সেই খিলাফত ইতোমধ্যে ভেঙে পড়েছে।