২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গাড়িতে তুলে ধর্ষণের মামলায় আরেকজন গ্রেপ্তার

চট্টগ্রামে গাড়িতে তুলে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2019, 06:07 PM

Updated : 08 Apr 2022, 04:05 PM

বাঁশখালী উপজেলার জলদি এলাকা থেকে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. শাহাবউদ্দিন (২৪)। তার বাড়ি বাঁশখালী উপজেলার দক্ষিণ সরল ইউনিয়নে।

শাহাবউদ্দিন গত ২৮ জানুয়ারি পুলিশের পাতা ফাঁদে দিদার মার্কেট এলাকা থেকে ওই ছাত্রীকে দ্বিতীয় বার অপহরণ করার সময় গাড়িটির চালক ছিলেন বলে জানিয়েছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান। 

এই মামলার প্রধান আসামির নামও মো. শাহাবউদ্দিন। তিনি গত ২৯ জানুয়ারি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়। শ্যামল দে নামে গ্রেপ্তার আরেক গাড়িচালক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাহাবউদ্দিন পালিয়ে গিয়েছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী জলদি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করি।”

গত ২৭ জানুয়ারি সকালে মাদ্রাসায় যাওয়ার পথে জামালখান মোড়ের পিডিবি আবাসিক এলাকার সামনে থেকে ওই মাদ্রাসাছাত্রীকে কৌশলে প্রাইভেটকারে তুলে তারপর ধর্ষণ করা হয়।

এই ঘটনায় শাহাবউদ্দিন (নিহত) ও শ্যামল জড়িত ছিলেন বলে পরে চিহ্নিত করে পুলিশ।

ঘটনার পরদিন ২৮ জানুয়ারি শাহাবউদ্দিন (নিহত) মেয়েটিকে ফোন করে তার সাথে দেখা করার জন্য চাপ দেন। তা না হলে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন। তখন মেয়েটি কোতোয়ালি থানায় অভিযোগ করেন।

তখন পুলিশ মেয়েটিকে নিয়ে ফাঁদ পাতে। শাহাবউদ্দিনের কথামতো ওই দিন সন্ধ্যায় মেয়েটিকে দিদার মার্কেটের সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে গেলে একটি গাড়ি তাকে তুলে নেয়।

বুধবার গ্রেপ্তার শাহাবউদ্দিন এই গাড়িটি চালাচ্ছিলেন বলে পুলিশ জানায়।

সেদিন পুলিশের ধাওয়ার মুখে লালদিঘীর মাঠের সামনে মেয়েটিকে রেখে গাড়ি থেকে নেমে পালিয়ে গিয়েছিলেন শাহাবউদ্দিন। তার সঙ্গে ওই গাড়িতে আরেক শাহাবউদ্দিনও ছিলেন, যিনি পরে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

পুরনো খবর:

গাড়িতে তুলে মেয়েটিকে ধর্ষণ করে শাহাবউদ্দিন ও তার সহযোগী: পুলিশ
চট্টগ্রামে ধর্ষণের সন্দেহভাজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত