২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নেশাগ্রস্ত’ দুই ভাইয়ের ঝগড়া, ছুরিতে একজনের মৃত্যু

চট্টগ্রামে ‘নেশাগ্রস্ত’ দুই ভাইয়ের ঝগড়ার মধ্যে একজনের ছুরিকাঘাতে আরেকজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2019, 10:35 PM

Updated : 18 Aug 2022, 05:09 PM

চাঁন্দগাও এলাকায় করমপাড়া এলাকায় তাদের বাসায় বুধবার রাত সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতের নাম মোহাম্মদ সাজু (২৮)। খুনের পর থেকে তার ছোট ভাই মুন্না (১৯) পলাতক। তাদের বাবার নাম সিদ্দিক আহমেদ।

চান্দগাও থানার ওসি আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছোট ভাইয়ের কাছে টাকা চেয়েছিল সাজু। তা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে মারামারি বাঁধে। তখন মুন্না ছুরি দিয়ে আঘাত করে বড় ভাই সাজুকে।”

ছুরিকাহত সাজুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।

এই দুই ভাই নেশাগ্রস্ত জানিয়ে ওসি বলেন, “সাজু মাদক মামলার আসামি। গত পরশু জামিনে ছাড়া পেয়েছিল সে।”