২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইইউতে রাষ্ট্রদূত মিলার

বন্দর নগরীর বেসরকারি চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) উপাচার্যের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2019, 09:35 PM

Updated : 18 Aug 2022, 05:09 PM

বুধবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় নগরীর জামালখান ক্যাম্পাসে আসেন মার্কিন রাষ্ট্রদূত।

এই সৌজন্য সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ব্যবস্থা, কোর্স-কারিকুলাম, সিলেবাস, আন্তর্জাতিক জার্নাল, শিক্ষার গুণগত মান বৃদ্ধিসহ নানা বিষয়ে আলোচনা করেন উপাচার্য এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।  

সাক্ষাতে উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, “আন্তর্জাতিক মানের শিক্ষা ছড়িয়ে দেওয়ার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি।

“গবেষণামূলক কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি করে গড়ে তোলা হচ্ছে।”

আর্ল মিলার সিআইইউতে আবার আসার আশাবাদ ব্যক্ত করে বলেন, “দারুণ সময় কাটিয়েছি। ভালো লেগেছে। আশা করছি প্রতিষ্ঠানটি তার লক্ষ্য অনুযায়ী এগিয়ে যাবে।”

এসময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের পরিবেশ, বিজ্ঞান, প্রযুক্তি ও স্বাস্থ্য কর্মকর্তা আইভারসন লং, রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর বিল মোলার, সিআইইউর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, অ্যাডমিন শাখার উপ-পরিচালক কুমার দোয়েল দে, আমেরিকান কর্নার চিটাগংয়ের সহকারী পরিচালক রুমা দাশ প্রমুখ।