বিয়ের প্রলোভন: পুলিশের হেফাজতে কিশোরী, গ্রেপ্তার ৬
বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে তার পরিবারের কয়েকজন সদস্যসহ গ্রেপ্তার করেছে চট্টগ্রামের পুলিশ; আর পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে নির্যাতিত মেয়েটিকে।
গ্রেপ্তাররা হলেন- মেয়েটির প্রেমিক নিজাম উদ্দিন (৩০), তার স্ত্রী তানিয়া বেগম (২৭), তানিয়ার বোন সোনিয়া বেগম (২২), সোনিয়ার স্বামী মো. লিটন (২৯) তাদের খালা পপি বেগম (৩০) ও নানী ফিরোজা বেগম (৬৫)।
পরে নিজাম ও ফিরোজা বেগম চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মো. নোমানের আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন।
অন্যদিকে নিজামের স্ত্রী তানিয়া, তার বোন সোনিয়া, তার স্বামী লিটন ও খালা পপি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডে আনার আবেদন জানানো হয়েছে।
আদালত তাদের কারাগারে পাঠিয়ে পরে শুনানি করার কথা জানিয়েছে বলে ওসি নেজাম জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তাররা গত ৭ এপ্রিল ১৬ বছর বয়সী কিশোরীকে মারধর পর তার চুল কেটে দিয়ে মুখে সিগারেটের ছ্যাঁকা দেয়।
“ভয়ে নির্যাতনের বিষয়টি মেয়েটি কাউকে জানায়নি, এক স্বজনের বাসায় আশ্রয় নিয়েছিল। এক নারীর কাছ থেকে সংবাদ পেয়ে মেয়েটিকে আমরা উদ্ধার করে থানায় নিয়ে আসি। তার অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় ছয়জনকে।”
ওসি নেজাম বলেন, “গ্রেপ্তার নিজাম পেশায় সিএনজি অটোরিকশা চালক। বাবা-মা ছাড়া মেয়েটি আশ্রয়ের জন্য নিজামকে বিয়ে করতে চেয়েছিল। নিজামও মেয়েটিকে বিয়ের আশ্বাস দিয়ে আগ্রাবাদ চৌমুহুনি এলাকায় বাসা ভাড়া করে স্বামী-স্ত্রী পরিচয়ে গত ১ এপ্রিল থেকে বাসবাস করছিল। পরে মেয়েটি জানতে পারে নিজামের স্ত্রী-সন্তান আছে।
“মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজাম সাতদিন ওই বাসায় রাখে। বিষয়টি জানতে পেরে নিজামের স্ত্রী তানিয়া স্বজনদের নিয়ে ওই বাসা থেকে দুইজনকে ধরে নিজের বাসায় নিয়ে যায়।”
ওসি বলেন, “পশ্চিম মাদারবাড়ি এক নম্বর গলিতে সোনিয়ার বাসায় এনে মেয়েটিকে সবাই মিলে মারধর করে চুল কেটে দেয়। ফিরোজা বেগম মেয়েটির মুখে সিগারেটের ছ্যাঁকা দেয়। এ ঘটনা তারা মোবাইলে ভিডিও করে রাখে এবং সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেয়, যাতে কাউকে না বলে। মেয়েটি যাতে মামলা না করে সেজন্য তারা এসব কাজ করেছে এবং সোমবার সকালেও মেয়েটিকে হুমকি দিয়ে আসে।”
মেয়েটিকে উদ্ধারের পর ভিডিও ধারণ করা দুইটি মোবাইল ফোন, কাঁচিসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয় বলে জানান ওসি।
নির্যাতনের শিকার কিশোরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে, মায়ের মৃত্যুর পর তার রিকশাচালক আবার বিয়ে করলে ২০১৭ সালের নভেম্বর মাসে সে চট্টগ্রামে ফুপুর বাসায় আসে এবং আগ্রাবাদে একটি গার্মেন্টে চাকরি নেয়।
“গার্মেন্টে যাওয়া-আসার পথে অটোচালক নিজামের সাথে পরিচয়। ধীরে ধীরে প্রেমের সম্পর্ক হয়। নিজাম আমাকে বিয়ে করার আশ্বাস দেওয়ায় গত ১ এপ্রিল ফুপুর বাসা থেকে নিজামের সাথে চৌমুহুনি এলাকায় নতুন বাসায় উঠি। কিন্তু তাকে বিয়ের কথা বললেই সময়ক্ষেপণ করত।
“গত ৭ এপ্রিল সকালে আমাদের বাসায় তানিয়া লোকজন নিয়ে হাজির হলে জানতে পারি নিজাম বিবাহিত ও তার দুইটি সন্তান আছে।”
মেয়েটির ভাষ্য, ওইদিন তানিয়া ও তার স্বজনরা তাকে ও নিজামকে ধরে সোনিয়ার বাসায় নিয়ে তাকে আটকে রেখে দিনভর মারধর করে, চুল কেটে দেয় এবং মুখে সিগারেটের ছ্যাঁকা দেয়। মারধরের সময় ভিডিও করার পাশাপাশি ঘটনা প্রকাশ না করতে হুমকি দেওয়া হয়।
বিকালে ছেড়ে দেয়ার পর আবার ফুপুর বাসায় চলে যায় মেয়েটি।
ওসি নেজাম উদ্দিন বলেন, “সিএনজিচালক নিজাম বাসায় ফিরে গিয়ে নিজের মোবাইল বন্ধ করে স্ত্রীর মোবাইল ব্যবহার শুরু করে, যাতে তাকে কেউ না পায়। আমরা অভিযোগের পর সোমবার রাতে আগ্রাবাদ মিস্ত্রী পাড়ার গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করি।”
একই সময়ে পুলিশের আরেকটি দল পশ্চিম মাদারবাড়ি ল্যাংটা ফকির মাজার গলির নিজামের বাসা থেকে তার স্ত্রী তানিয়া, পশ্চিম মাদারবাড়ি ১ নম্বর গলি থেকে সোনিয়া ও তার স্বামীকে যুগী চাঁদ মসজিদ এলাকা থেকে ফিরোজা বেগম ও এনায়েত বাজার এলাকা থেকে পপি বেগমকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে, নারী ও শিশু নির্যাতন ও তথ্যপ্রযুক্তি আইন ও দণ্ডবিধির ৪৬৫ ধারায় মামলা হয়েছে।
স্বাস্থ্য পরীক্ষার পর মেয়েটিকে পরিবারের কাছে দেওয়া হবে বলে জানিয়েছেন সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন।
