চোরাই পণ্য বিক্রি অনলাইনে
চট্টগ্রামের পুলিশ নগরীতে গ্রিলভাঙ্গা চোরের একটি দলের সন্ধান পেয়েছে, যারা চোরাই পণ্য অনলাইনে ভুয়া আইডি খুলে বিক্রি করে।
চোরাই পণ্য বিক্রির পর সেই ভুয়া আইডি বন্ধ করে দেয় তারা।
ওই চক্রের তিন সদস্য হলেন- টুটুল চক্রবর্তী (২১), রমজান আলী (২২) এবং আলী হোসেন ওরফে কালু (২৫)। তারা নগরীর খুলশী থানার আমবাগান এলাকার বাসিন্দা।
নগরীর সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২২ মার্চ গভীর রাতে পশ্চিম মাদারবাড়ি ঘাসফুল গলির হোসেন মঞ্জিল নামের ভবনের নিচতলার বাসায় চুরি হয়।
“ঘরের পেছনের দরজা ভেঙে চোরের দল ল্যাপটপ ও মোবাইল ফোন সেট নিয়ে যায়।”
ওই ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তার তিনজন জানিয়েছে তারা রাতের বেলা সিএনজিচালিত অটোরিকশা বা রিকশা নিয়ে নগরীতে ঘুরে বেড়ায়।
“নির্দিষ্ট একটি ঘরকে টার্গেট করে পাইপ বেয়ে উঠে রান্না ঘরের দরজা ভেঙে অথবা জানালার গ্রিল ভেঙে ঘরের মূল্যবান সামগ্রী চুরি করে।”
ওসি নেজাম উদ্দিন জানান, তারা চোরাই পণ্য সেল বাজার ও বিক্রয় ডটকমের মাধ্যমে অনলাইনে বিক্রি করে ভুয়া আইডি ব্যবহার করে। চোরাই পণ্য বিক্রির পর তারা ওই আইডি ডিঅ্যাকটিভেট করে দেয়, যাতে চোরাই পণ্যের ক্রেতা ধরা পড়লেও চোর ধরা না পড়ে।”
গ্রেপ্তার তিনজনের কাছ থেকে চুরি যাওয়া ল্যাপটপ, মোবাইল ফোন এবং চার হাজার তিনশ টাকা উদ্ধার করেছে পুলিশ।
