২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াইশ চুহুর খাঁন দিঘীর বৈশাখী মেলা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ বুড়িশ্চর সম্মিলনী উচ্চ বিদ্যালয় মাঠে চলছে দুই দিনব্যাপী চুহুর খাঁন দিঘীর বৈশাখী মেলা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2019, 03:41 PM

Updated : 10 Oct 2022, 09:03 PM

বাংলা চৈত্র মাসের শেষ দুই দিনের এই মেলা উপলক্ষে অনুষ্ঠিত হয় কুস্তি বা বলি খেলা।

কুয়াইশ এলাকার বাসিন্দা চুহুর খাঁনের নামে চুহুর খাঁন দিঘীর দক্ষিণ পাড়ে মেলার গোড়াপত্তন হয় বলে আয়োজকরা জানিয়েছেন।

মেলার আয়োজক কমিটির সভাপতি স্থানীয় মেম্বার ইমাম হোসেন বলেন, শুরুতে মেলা বসত দিঘীর দক্ষিণ পাড়ে বাইন্ন্যা পাড়া গোয়ালার ঘাটায়। পরে স্থানীয়দের আগ্রহে স্কুলের মাঠে মেলা চলে আসে।

“একসময় মেলায় গরুর লড়াই হতো। এখন বলি খেলাটা টিকে আছে। এটা হাটহাজারীর অন্যতম বৃহৎ মেলা ও ঐতিহ্যবাহী উৎসব।”

স্থানীয় চুহুর খাঁন, আব্দুর রশীদ টেন্ডল, তজু মিয়াসহ বিত্তশালীদের পৃষ্ঠপোষকতায় প্রায় একশ বছর আগে মেলার গোড়াপত্তন হয় বলে জানান ইমাম হোসেন।

আব্দুর রশীদ টেন্ডলের নাতি মো. ফরিদ খান বলেন, মেলা উপলক্ষে আশেপাশে বহু গ্রামের মেয়েরা বাবার বাড়িয়ে নাইওর আসে এই সময়।

মেলায় বিভিন্ন পিঠাপুলি, মিষ্টি, মুখরোচক খাবারসহ বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন মজাদার খাবারের পসরা বসে।

এছাড়া শিশুদের বিভিন্ন ধরনের খেলনা, মাটির তৈরী বিভিন্ন আসবাবপত্র, মেয়েদের প্রসাধনী দোকানের পসরাও সাজিয়ে বসে দোকানিরা।

মেলার প্রথম দিনে শুক্রবার বিকেলে বলিখেলায় অংশ নেন ৪০ জন বলী। মল্লযুদ্ধে চ্যাম্পিয়ন হয় মহেশখালীর হোসেন বলী আর রানারআপ হয় বজল বলী।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ইউনুস গনি চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন কুয়াইশ কলেজের অধক্ষ্য জয়নাল আবেদীন বেলাল, মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল করিম,, সাবেক ছাত্র নেতা মনিরুজ্জামান মনির, জাবেদ হাসান, মোহাম্মদ জাবেদ, অনুষ্ঠান সঞ্চালক করেন মোহাম্মদ মনচুর হোসেন।