২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএসে লোক প্রশাসন অন্তর্ভুক্তিতে চবিতে মানববন্ধন

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) শিক্ষা ক্যাডারে লোক প্রশাসন বিষয়কে অন্তর্ভুক্তি এবং কলেজ পর্যায়ে লোক প্রশাসন বিভাগ চালুর দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2019, 11:04 PM

Updated : 18 Aug 2022, 05:06 PM

বুধবার সাড়ে ১২টায় চবির সমাজবিজ্ঞান অনুষদের সামনে এ মানববন্ধন শেষে বিভাগের শিক্ষার্থীরা গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে অংশ নেয়।

বিসিএস শিক্ষা ক্যাডারে লোক প্রশাসন অন্তর্ভুক্তির জন্য দেশের সকল বিশ্ববিদ্যালয় একজোট হয়ে এ মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে বলে জানান চবি লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম।

সমাবেশ চলাকালে তিনি বলেন,  “প্রতি বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে এ বিভাগের হাজার হাজার শিক্ষার্থী পাস করে বের হচ্ছে।

“পাস করে সরকারের বিভিন্ন উচ্চপদে দায়িত্বও পালন করলেও বিসিএস শিক্ষা ক্যাডারে বিষয়টি অন্তর্ভুক্ত না থাকায় এ বিভাগের শিক্ষার্থীরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে।”

মানববন্ধনে বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফজলে আজিম রনি বলেন,  “কলেজ পর্যায়ে লোক প্রশাসন বিভাগ চালু করার মাধ্যমে বিসিএসে শিক্ষা ক্যাডারে বিভাগের পাস করা শিক্ষার্থীদের নিয়োগ দেওয়া হলে বিভাগটির সার্থকতা বৃদ্ধি পাবে। ”

“পাশাপাশি কলেজের শিক্ষার্থীরা এ বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করে নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে বলে মনে করেন এই শিক্ষার্থী।

তাই শিগগিরই কলেজে এ বিভাগ চালু করার দাবি জানাচ্ছি, বলেন ফজলে আজিম রনি।

মানববন্ধনে চবি লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মমতাজ উদ্দিন ও বিভাগের সহকারী অধ্যাপক মোরশেদুল হক এবং মোহাম্মদ রেজাউল করিমসহ  বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।