২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্তন ক্যান্সার নিয়ে পুরুষদেরও সক্রিয়তার আহ্বান

স্তন ক্যান্সারে নারীদের মৃত্যু ঝুঁকি রোধে পরিবারের পুরুষ সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন একটি আলোচনা সভার বক্তারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2019, 09:51 PM

Updated : 18 Aug 2022, 05:06 PM

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত ‘নারীদের ক্যান্সার সচেতনতা ও উদ্বুদ্ধকরণ’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক।

স্ক্রিনিং পদ্ধতিতে স্তন ক্যান্সার নিরাময় সম্ভব উল্লেখ করে ডা. নাহিদা খানম শিমু বলেন, সরকারি হিসেবে দেশের প্রতি সাতজন নারীর মধ্যে একজন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন।

 “জীবনযাপনে কিছু পরিবর্তন আনলে, প্রাথমিকভাবে প্রতিরোধের সুযোগ আছে। বিশেষ করে ১৫-৪৪ বছর বয়সী নারীদের এই রোগে আক্রান্ত হওয়ার হার বেশি।”

নারীদের পাশাপাশি পুরুষদেরও ক্যান্সার প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এই চিকিৎসক বলেন, “পুরুষদের উচিত তাদের মা-বোন, স্ত্রীকে চিকিৎসার আওতায় নিয়ে আসা।”

দেশের মানুষ এখনো ‘কুসংস্কারে বিশ্বাস করে’ মন্তব্য করে স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. শাহানা জাহাঙ্গীর বলেন, “জরায়ু মুখে ক্যান্সার বিষয়ে মানুষ চিকিৎসকের পরামর্শ না নিয়ে কবিরাজ, ঝাঁড়-ফুকের দ্বারস্থ হয়।

“অথচ এই ক্যান্সার প্রাথমিকভাবে চিহ্নিত হলে প্রতিরোধ সম্ভব।”

প্রয়াত মহিলা আওয়ামী লীগ নেত্রী বেগম নিলুফার কায়সারের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ক্যান্সার সচেতনতা সহায়ক কেন্দ্র এ সভার আয়োজন করে।

সভাপতির বক্তব্যে সাংসদ ও নিলুফার কায়সারের সন্তান ওয়াসিকা আয়েশা খান বলেন, “আমার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমাদের সকলের উচিত জরায়ু মুখে ক্যান্সারের প্রধান বিষয়গুলো তুলে ধরে প্রত্যন্ত অঞ্চলে নারীদের ধারণা দেওয়া।”

ক্যান্সার প্রতিকারের চেয়ে প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “এজন্য নিয়মিত চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকা প্রয়োজন।”

সভায় বক্তব্য দেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. বাসনা মুহুরী প্রমুখ।