চট্টগ্রামে স্ত্রীর বোনকে হত্যায় মৃত্যুদণ্ড
চট্টগ্রামে স্ত্রীর বোনকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক আবদুল হালিম নয় বছর আগের এ হত্যা মামলার রায় দেন।
দণ্ডিত দুই আসামিই পলাতক। তাদের মধ্যে শাহ পরানকে মৃত্যুদণ্ড এবং তার ভগ্নিপতি মোহাম্মদ নাসিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
এ আদালতের পিপি মো. আইয়ুব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নয়জন সাক্ষীর সাক্ষ্য শুনে বিচারক এই রায় দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার পূর্ব হাসনাবাদ গ্রামের শাহ পরানের সঙ্গে বিয়ের তিন মাসের মাথায় বিচ্ছেদ হয় পশ্চিম হাসনাবাদের দেলোয়ারা বেগমের।
বিচ্ছেদের পর দেলোয়ারা তার বাবার বাড়িতে থাকতে শুরু করেন। তিন মাস পর শাহ পরান তালাক তুলে নিয়ে স্ত্রীকে ঘরে ফেরার জন্য চাপ দিতে থাকেন। কিন্তু দেলোয়ারা তা প্রত্যাখান করেন।
এতে ক্ষিপ্ত হয়ে শাহ পরান ও তার ভগ্নিপতি মোহাম্মদ নাসির ২০১০ সালের ১ এপ্রিল গভীর রাতে দেলোয়ারাকে খুন করতে তাদের বাড়িতে যান।কিন্তু দেলোয়ারার পাশে শুয়ে থাকা তার ১০ বছর বয়েসী বোন ফারহানা ইয়াসমিন তাদের দেখে ফেলে।
ফারহানা এ সময় চিৎকার দিলে শাহ পরান ও নাসির তার মুখ চেপে ধরে পেটে ছুরি মেরে পালিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ফারহানার মৃত্যু হয়।
ওই ঘটনার পরদিন ফারহানার মা আনোয়ারা বেগম ভুজপুর থানায় দুজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ১৮ অগাস্ট দুইজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
অভিযোগ গঠনের মধ্য দিয়ে ২০১১ সালের ১৫ সেপ্টেম্বর পলাতক দুই আসামির বিচার শুরু করে আদালত।
