চট্টগ্রামে আসছে ‘শাটল ট্রেন’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘শাটল ট্রেন’ আনুষ্ঠানিক মুক্তি পেতে যাচ্ছে চট্টগ্রামে।
১১ এপ্রিল থেকে নগরীর থিয়েটার ইন্সটিটিউটে শুরু হবে চলচ্চিত্রটির পাঁচ দিনব্যাপী প্রদর্শনী।
মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে আয়োজিতেএক সংবাদ সম্মেলনে চলচ্চিত্রটি নির্মাণের বিভিন্ন বিষয় তুলে ধরেন পরিচালক প্রদীপ ঘোষ।
তিনি বলেন, “এটি বাংলাদেশে গণঅর্থায়নে নির্মিত প্রথম চলচ্চিত্র। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অভিনয় করেছেন। অভিনেতা-অভিনেত্রী সকলেই অপেশাদার।
“আর্থিক সংকট ছিল, যন্ত্রপাতির অভাব ছিল পাশাপাশি শাটল ট্রেন সবসময় চলমান। এটি থামিয়ে শুটিং করা সম্ভব নয়। আর শিক্ষার্থীদের অজান্তে ট্রেনের বিভিন্ন দৃশ্যের শুটিং করতে হয়েছে।”
নির্মাতা প্রদীপ ঘোষ বলেন, এক পহেলা ফাল্গুন থেকে আরেক পহেলা ফাল্গুন পর্যন্ত চলেছে এই চলচ্চিত্রের শুটিং। সব দৃশ্যাবলী সম্পূর্ণ প্রাকৃতিকভাবে দৃশ্যায়ন করা হয়েছে। কোনো কৃত্রিম আয়োজন নেই। অভিনেতা-অভিনেত্রীরা কোনো মেকআপ নেননি।
থিয়েটার ইন্সটিটিউটে প্রদর্শনীর পর চলতি মাসেই চলচ্চিত্রটি ক্যাম্পাসে প্রদর্শিত হবে এবং এরপর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও হলে ছবিটি মুক্তি দেয়া হবে বলেও জানান পরিচালক।
তিনি বলেন, ঢাকায় ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে একটি প্রদর্শনী হয়েছে। সেখানে ‘খুব ভালো’ সাড়া পাওয়া গেছে।
৯৬ জন শিক্ষার্থীর অর্থ সহযোগিতায় চলচ্চিত্রটি নির্মাণের জন্য ছয় লাখ টাকা যোগাড় করা হয় বলে জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলার সাবেক শিক্ষার্থী প্রদীপ।
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে আরো ১২ লাখ টাকা ঋণ করা হয়েছে।
তবে কোনো স্পন্সর প্রতিষ্ঠান রাখা হয়নি। শুরু থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।”
ছবিটির সেন্সর ছাড়পত্র পেতে বিভিন্ন বাধার কথা উল্লেখ করে তিনি বলেন, সেন্সর বোর্ডের সদস্যরা প্রশংসাসূচক মন্তব্য করার পরও অনুমতি মেলেনি। পরিচালক ও প্রযোজক সমিতির সদস্য হওয়ার অজুহাত দেওয়া হয়।
“শেষে উদাহরণ হিসেবে আমাদের ছাড়পত্র দেয়া হয়। স্বাধীন নির্মাতাদের জন্য শাটল ট্রেন একটি মাইলফলক হয়ে থাকবে।”
চলচ্চিত্রের কাহিনীকার মোহছেনা ঝর্ণা বলেন, “ভুলগুলো সব আমাদের, ফুলগুলো আপনাদের। অবশ্যই সবাই চলচ্চিত্রটি দেখবেন এবং ভুলগুলো শুধরে দেবেন।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সেলুলয়েডে বন্দি করে এই প্রথম একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। আশা করি, আমাদের তারুণ্য, রাজনীতি, চিন্তা, শিক্ষাজীবন সবকিছু এই চলচ্চিত্রে পাওয়া যাবে।
“চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে আগে কোনো চলচ্চিত্র হয়নি। সেজন্য এটি একটি মাইলফলক।”
থিয়েটার ইনস্টিটিউটে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শাটল ট্রেন চলচ্চিত্রের প্রদর্শনী চলবে। প্রতি দুই ঘন্টা অন্তর প্রদর্শনী হবে। টিকেটের মূল্য রাখা হয়েছে ১০০ ও ২০০ টাকা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো.শহীদুর রহমান, শাহরিয়ার খালেদ, জামিলা রহমান এবং সহকারী পরিচালক রিফাত মোস্তফা।
