২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সুদীপ্ত হত্যায় ব্যবহৃত আরও দুই অটোরিকশা জব্দ

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যার সময় ব্যবহৃত আরও দুইটি অটোরিকশা জব্দ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2019, 04:59 PM

Updated : 08 Apr 2022, 04:02 PM

সোমবার চালকরা পিবিআই কার্যালয়ে এসে অটোরিকশাগুলো দিয়ে যান বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক সন্তোষ চাকমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১০-১২টি সিএনজি অটোরিকশা নিয়ে নগরীর লালখান বাজার থেকে দক্ষিণ নালাপাড়া এলাকায় সুদীপ্তর বাসার কাছে গিয়েছিল হামলাকারীরা।

“তার মধ্যে আমরা আটটি অটোরিকশা শনাক্ত করেছি। এর মধ্যে সাতটি অটোরিকশা জব্দ করা হলেও একটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিআরটিএতে আগেই নষ্ট করে ফেলা হয়েছে।”

সন্তোষ জানান, সোমবার সকালে সিএনজি অটোরিকশা দুইটি পিবিআই কার্যালয়ে জমা দিয়ে চালকরা তাদের বক্তব্য দিয়ে গেছেন। সুদীপ্তর ওপর হামলাকারীরা অটোরিকশাগুলো লালখান বাজার এলাকা থেকে ভাড়া করেছিল বলে তারা জানিয়েছেন।

“হামলাকারীদের অটোরিকশাগুলোতে করে লালখান বাজার থেকে নালাপাড়া গিয়ে আবার লালখান বাজার ফিরে আসার কথা চালকরা জানিয়েছেন।”

তবে অটো চালকদের নাম প্রকাশ করেননি তদন্ত কর্মকর্তা।

২০১৭ সালের ৬ অক্টোবর সকালে দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্তকে। এ ঘটনায় সুদীপ্তর বাবা সদরঘাট থানায় অজ্ঞাত সাত-আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

নগরীর লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের অনুসারীরাই সুদীপ্তকে পিটিয়ে মেরেছে বলে শুরু থেকেই অভিযোগ করে আসছে নগর ছাত্রলীগের একাংশ।

এই হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন আইনুল কাদের নিপুসহ বিভিন্ন সময়ে গ্রেপ্তার ১২ জনের সবাই মাসুমের অনুসারী। যাদের মধ্যে পাপ্পু ছাড়া ১০ জন জামিনে ছাড়া পেয়েছেন।

মামলাটি বেশ কয়েকমাস সদরঘাট থানায় তদন্ত করার পর তা এখন তদন্ত করছে পিবিআই।

পিবিআইর হাতে গ্রেপ্তার হয়েছে ফয়সাল নামে একজন। উদ্ধার করা হয়েছে ঘটনার দিন সুদীপ্তর বাসায় যাওয়া মোটর সাইকেলটি। আদালতে জবানবন্দি দিয়েছেন এক অটোচালক।

পুরনো খবর:

সুদীপ্ত হত্যা: গ্রেপ্তার ফয়সালের মোটর সাইকেল জব্দ