২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদীপ্ত হত্যা: গ্রেপ্তার ফয়সালের মোটর সাইকেল জব্দ

হত্যাকাণ্ডের পর তিন হাত বদল হওয়া মোটর সাইকেলের বর্তমান মালিক শনিবার সকালে নগরীর খুলশীতে পিবিআই কার্যালয়ে এসে সেটি দিয়ে যান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2019, 08:21 PM

Updated : 18 Aug 2022, 05:05 PM

মোটর সাইকেলটি সুদীপ্ত বিশ্বাস হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে পিবিআইর ভাষ্য।

পিবিআই, চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোটর সাইকেলটির বর্তমান মালিক সৈকত সেন অজয় সেটি নিয়ে আসলে আমরা জব্দ করি।”

মোটর সাইকেলটি সুদীপ্ত হত্যাকাণ্ডের সময় আসামি ফয়সালের ছিল এবং তিনি হত্যাকারীদের মোটর সাইকেল চালিয়ে পথ দেখিয়ে দেন বলে পুলিশের ভাষ্য।

পিবিআই কর্মকর্তা সন্তোষ চাকমা বলেন, “হত্যাকাণ্ডের পর ফয়সাল মোটর সাইকেলটি সানি নামের একজনের কাছে বিক্রি করে দেয়। পরবর্তীতে সেটি আরেকজন এবং সর্বশেষ সৈকতের কাছে বিক্রি হয়।”

জব্দ করা ১৫০ সিসির মোটর সাইকলেটি মামলার আলামত হিসেবে ব্যবহৃত হবে।

গত ১ এপ্রিল বিকালে নগরীর দেওয়ানহাট এলাকা থেকে জিয়াবুল হক ওরফে ফয়সালকে (৩৫) গ্রেপ্তার করে পিবিআই।

২০১৭ সালের ৬ অক্টোবর সকালে দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্তকে। এ ঘটনায় সুদীপ্তর বাবা সদরঘাট থানায় অজ্ঞাত সাত-আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুরনো খবর:

ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যায় আরেকজন গ্রেপ্তার