নিরাপত্তা ব্যবস্থা ‘খুশি মনে’ মেনে নিন: সিএমপি কমিশনার
পহেলা বৈশাখের অনুষ্ঠানে পুলিশের তল্লাশিসহ নিরাপত্তা ব্যবস্থা খুশি মনে মেনে নিতে নগরবাসীর প্রতি অনুরোধ করেছেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মাহাবুবর রহমান।
সোমবার চট্টগ্রামের পহেলা বৈশাখ অনুষ্ঠান আয়োজকসহ সংশ্লিষ্টদের সঙ্গে এক সমন্বয় সভায় তিনি বলেন, “পহেলা বৈশাখ বাঙালীর প্রাণের উৎসব। এ আনন্দ যেন বিষাদে পরিণত না হয়। তাই আমাদের তল্লাশিসহ সুইপিং ব্যবস্থা খুশি মনে মেনে নেবেন।”
সন্ধ্যা ছয়টার মধ্যে অনুষ্ঠান শেষ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গতবছর পাঁচটা পর্যন্ত থাকলেও এবছর ছয়টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে।
বৈশাখের অনুষ্ঠানে ব্যাগ বহন ও মুখোশ ব্যবহার না করারও নির্দেশনা দেন সিএমপি কমিশনার।
তিনি জানান, পহেলা বৈশাখে সিএমপির পাঁচ হাজার সদস্য দায়িত্ব পালন করবে। প্রতিটি দর্শককে আর্চওয়ে পেরিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে হবে।
অনুষ্ঠানস্থলের পাশে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ ও ওয়াচ টাওয়ার স্থাপনের পাশাপাশি গোয়েন্দা নজরদারির কথাও জানান তিনি।
সভায় অনুষ্ঠান আয়োজকদের পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থা, সিটি করপোরেশন, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
