আন্দোলন এক সপ্তাহের জন্য স্থগিত গৃহায়নের চট্টগ্রামের কর্মীদের
এক সহকারী প্রকৌশলীকে সিটি মেয়রের ‘মারধরের’ প্রতিবাদে ডাকা কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচরীরা।
অন্যদিকে ঘটনাটি নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামকে চিঠি দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
ওই সহকারী প্রকৌশলীর ‘প্রত্যাহার’ চেয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা।
নগরীর হালিশহর এলাকার একটি সড়কের পাশে নালা নির্মাণের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সোমবার সন্ধ্যায় নগর ভবনে মেয়রের সাথে আলোচনা করতে যান গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা।
সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে মেয়র ও এক কাউন্সিলর গৃহায়নের সহকারী প্রকৌশলী আশ্রাফুজ্জামান পালশকে মারধর করেন বলে অভিযোগ।
এর প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী ও প্রকৌশলীরা একযোগে কর্মবিরতির ডাক দেন।
এই প্রেক্ষাপটে রোববার সকালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রাশিদুল ইসলামের সঙ্গে বৈঠকে বসেন গৃহায়ন কর্তৃপক্ষের প্রথম শ্রেণির কর্মকর্তা অ্যাসোসিয়েশন, ডিপ্লোমা প্রকৌশলী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতারা।
সেখানেই এক সপ্তাহের জন্য কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত হয় বলে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি আশ্রাফুজ্জামান পলাশ জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চেয়ারম্যান মহোদয় সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছেন। তিনি আশ্বস্ত করেছেন, এর সুষ্ঠু সুরাহা হবে এবং কর্মক্ষেত্রে আমাদের কোনো নিরাপত্তার সমস্যা হবে না।
“এরপর কেন্দ্রীয় নেতৃবৃন্দ কর্মসূচি স্থগিত করেছেন।”
এদিকে সিটি মেয়র গৃহায়ন কর্তৃপক্ষের এক প্রকৌশলীর ‘অসৌজন্যমূলক আচরণ’ লিখে স্থানীয় সরকার মন্ত্রীকে চিঠি দিয়েছেন।
সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সামসুদ্দোহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবারই মন্ত্রীকে ঘটনার বিষয়ে জানিয়ে মেয়রের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।
“পাশাপাশি গৃহায়ন সচিবকে আমি আরেকটি চিঠি দিয়েছি। সেখানে বলেছি, মেয়র মহোদয়ের সাথে ওই সহকারী প্রকৌশলীর অসৌজন্যমূলক ও ঔদ্ধত্যপূর্ণ আচরণে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আন্দোলন করছেন। আন্দোলনকারীরা ওই প্রকৌশলীর প্রত্যাহার দাবি করেছেন।”
সামসুদ্দোহা বলেন, ঘটনা ব্যাপক আকার ধারণ করার আগেই তাকে প্রত্যাহারের উদ্যোগ নিতে গৃহায়নের সচিবকে অনুরোধ করা হয়েছে।
তিনি বলেন, যে সড়ক নিয়ে কথা হচ্ছে সেটি ১৯৮৮ সালেই সড়ক ও জনপথ বিভাগ তৎকালীন নগর কর্তৃপক্ষকে হস্তান্তর করেছে। কাজেই সড়কের জন্য ওই এলাকায় অধিগ্রহণ করা পুরো জমির মালিক সিটি করপোরেশন।
চট্টগ্রাম নগরের হালিশহরের বড়পোলের বরফকল এলাকায় পিসি রোডের সড়ক ও নালা সোজা করার জায়গা নিয়ে সিটি করপোরেশন ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
সোমবারের ঘটনার পর মঙ্গলবার গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতির ডাক দিলে বিপরীতে সিটি মেয়রের অনুসারী বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং সিসিসির কাউন্সিলর, ঠিকাদার ও কর্মচারীরাও পাল্টা কর্মসূচি পালন শুরু করেছিল।
