কর্ণফুলি দূষণে আবুল খায়ের গ্রুপকে পৌনে আট লাখ টাকা জরিমানা
চট্টগ্রামের নাসিরাবাদের বায়েজিদ শিল্প এলাকায় তরল বর্জ্য ফেলে কর্ণফুলি নদী দূষণে আবুল খায়ের কনডেন্স মিল্ক অ্যান্ড বেভারেজ লিমিটেডকে পৌনে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক আজাদুর রহমান মল্লিকের উপস্থিতিতে শুনানি শেষে এ জরিমানা করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অপরিশোধিত তরল বর্জ্য কর্ণফুলী নদীতে ফেলে দূষণ করায় এবং স্বাস্থ্যসম্মতভাবে উৎপাদন কাজ পরিচালনা না করায় সাত লাখ ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
প্রতিষ্ঠানটিকে ‘অবিলম্বে’ এ জরিমানা পরিশোধ করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
পাশাপাশি বায়েজিদ বোস্তামি এলাকায় পাহাড় কাটার অভিযোগে আলী হোসেন গংকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান সংযুক্তা দাশ গুপ্তা।
