চট্টগ্রামে গাড়ির ধাক্কায় স্কুলছাত্রী আহতের পর অবরোধ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলেজ বাজার এলাকায় এক স্কুলছাত্রী গাড়ি ধাক্কায় আহত হওয়ার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে শিক্ষার্থীরা।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। পুলিশ ও স্থানীয় প্রশাসনের আশ্বাসে বেলা পৌনে ১টায় সড়ক অবরোধ তুলে নেয় তারা।
আহত নাজমা আক্তার মুন্নি স্থানীয় এ জে চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
আহত শিক্ষার্থীকে শুরুতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এবং পরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন।
এদিকে ঘটনার পরপরই ওই শিক্ষার্থীর সহপাঠী ও স্থানীয়রা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।
এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা হেঁটেই গন্তব্যে রওনা হতে হয়।
পটিয়াগামী যাত্রী সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীরা গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে দিয়েছেন। আমরা হেঁটেই রওনা দিয়েছি।”
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্কুলের সামনে স্পিড ব্রেকার ও ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবি জানায়।
পরে পুলিশ প্রশাসন তাদের আশ্বস্ত করে।
পুলিশ কর্মকর্তা আরেফিন জুয়েল বলেন, স্কুলের সামনে স্পিড ব্রেকার নির্মাণের কাজ শুরু করা হয়েছে। ফুট ওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দেয়া হয়েছে।
দুর্ঘটনায় স্কুলছাত্রী আহতের জেরে সড়ক অবরোধের পর ওই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে প্রশাসনের পক্ষ থেকে স্পিড ব্রেকার নির্মাণ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মহাসড়কে ওই স্কুলের সামনে স্পিড ব্রেকার হয়েছে, জেব্রা ক্রসিং হচ্ছে। তাদের দাবি অনুযায়ী প্রয়োজন সাপেক্ষে ফুটওভার ব্রিজও করে দেওয়া হবে।”
এছাড়া কলেজ বাজারে মহাসড়ক লাগোয়া শিক্ষা প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীদের সঙ্গে নিরাপদ সড়ক নিয়ে বসা হবে বলেও জানান তিনি।
