মিরসরাইয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
চট্টগ্রামের মিরসরাইয়ে স্ত্রীকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার উপজেলার জোরারগঞ্জ থানার পশ্চিম অলিনগর গ্রামের মহাজনপাড়ায় এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত নূর বানু (৪০) ওই গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। হত্যাকাণ্ডের পরপরই মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জোরারগঞ্জ থানার এসআই আবেদ আলী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বেকার মান্নানের সঙ্গে তার স্ত্রীর প্রায়ই ঝগড়া হত।
“আজ সকালেও তাদের মধ্যে ঝগড়া বাঁধে। মান্নান তখন কোদাল দিয়ে নূর বানুকে আঘাত করে। তাতে ঘটনাস্থলেই মারা যান নূর বানু।”
এই ঘটনা ঘটিয়ে মান্নান বাড়ি ছেড়ে পালালেও পরে পুলিশ তাকে শুভপুর এলাকা থেকে গ্রেপ্তার করে বলে জানান এসআই আবেদ।
তিনি বলেন, মান্নান ও নূর বানুর সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
নূর বানুর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
