২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকৌশলীকে মারধর নয়, বকাঝকা করেছি: মেয়র নাছির

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী আশ্রাফুজ্জামান পলাশকে মারধরের অভিযোগ অস্বীকার করে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ‘বেয়াদবি’ করায় তাকে ‘বকাঝকা’ করেছিলেন তিনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2019, 07:09 PM

Updated : 18 Aug 2022, 05:04 PM

একটি সড়কের পাশে নালা নির্মাণ বিষয়ে বিরোধ নিয়ে মেয়রের সঙ্গে আলোচনা করতে সোমবার রাতে নগর ভবনের অডিটোরিয়ামে গিয়েছিলেন গৃহায়ন কর্তৃপক্ষের চট্টগ্রাম সার্কেলের ছয় কর্মকর্তা।

ওই দলে থাকা ডিপ্লোমা প্রকৌশলী আশ্রাফুজ্জামানের অভিযোগ, সড়কের পাশে ‘অবৈধ দখল’ বিয়ে কথা কাটাকাটির জের ধরে মেয়র ও এক ওয়ার্ড কাউন্সিলর তাকে মারধর করেন।

এর প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি পালন করছে গৃহায়ন কর্তৃপক্ষের চট্টগ্রাম অঞ্চলের প্রকৌশলী এবং কর্মকর্তা-কর্মচারীরা।

Image
ঘটনার বিস্তারিত তুলে ধরে সাংবাদিকদের সামনে মেয়র আ জ ম নাছির উদ্দিন

ঘটনার বিস্তারিত তুলে ধরে সাংবাদিকদের সামনে মেয়র আ জ ম নাছির উদ্দিন

এই অবস্থায় মঙ্গলবার বিকালে নগর ভবনে সাংবাদিকদের ডেকে নিয়ে পুরো ঘটনাটি তুলে ধরেন মেয়র নাছির।

তিনি বলেন, মূলত ওই জমি সড়ক ও জনপথ বিভাগের। তারা সড়ক নির্মাণের জন্য গৃহায়ন কর্তৃপক্ষকে জমি বুঝিয়ে দিয়েছিল, গৃহায়ন কর্তৃপক্ষ তা সিটি কর্পোরেশনকে দেয়।

মেয়র বলেন, “কিন্তু পুরো জমি যে সড়কের জন্য, সেটা গোপন করে তারা ১২০ ফুট জমি আমাদের দিয়েছিল। এরপর ২০১০ সালে চট্টগ্রাম অঞ্চলের সেসময়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী গৃহায়নের চেয়ারম্যান বরাবরে রাস্তার পাশে কাঁচা বাজার বসানোর অনুমতি চেয়ে আবেদন করে। তবে অনুমোদন পায়নি।”

মেয়র বলেন, সড়কের পাশে ঝুপড়ি আকারে একটি কাঁচাবাজার ছিল। এ বি এম মহিউদ্দিন চৌধুরী মেয়র থাকাকালে সেটা একবার এবং এরপর আরও ৩-৪বার উচ্ছেদ করা হয়।

“বর্তমানে পোর্ট কানেকটিং সড়ক সম্প্রসারণ হচ্ছে এবং সড়কের পাশের অংশে ড্রেন করা হচ্ছে। পুরো সড়কে ড্রেনের কাজ শেষ। শুধু ওই অংশে ছাড়া। সেখানে গৃহায়নের লোকরা বাধা দিচ্ছে। এটা আমি জানতাম না। গতকাল এলাকাবাসী কমিটি করে আমার কাছে এসে বিষয়টি জানায়।”

Image
মেয়রের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে কর্মবিরতিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা

মেয়রের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে কর্মবিরতিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা

সিটি মেয়র ওই এলাকার সড়কের একটি মানচিত্র সংবাদকর্মীদের দেখিয়ে বলেন, “গৃহায়নের লোকজন আবাসিক এলাকা দিয়ে ঘুরিয়ে ড্রেন করার কথা বলছিল। ড্রেন সোজা না হলে পানি ফুলে বর্ষায় জলাবদ্ধতা হবে। ফোনে এ বিষয়ে কথা হলে তাদের আমি সন্ধ্যায় অফিসে আসতে বলি।

“অডিটোরিয়ামে (বৈঠকে) আমাদের এস্টেট শাখার একজন বলেন, উনারা (গৃহায়ন) ড্রেন ঘুরিয়ে দিতে চান। তখন পেছন থেকে একজন (আশ্রাফুজ্জামান) বলে ওঠেন, ‘আপনি আপনার মতো বললে হবে না কি? আমরা ১২০ ফুটই হস্তান্তর করেছি।”

মেয়র নাছির বলেন, “তখন তিনি (আশ্রাফুজ্জামান) এগিয়ে আসেন কথা বলার জন্য। আমি বললাম, এতদিন তো সেখানে বাজার ছিল, কোনো ব্যবস্থা নেননি কেন? উত্তরে সে বলে, ‘সিটি করপোরেশনের জায়গা হকারদের দথলে আছে না?’

“এটা তো তার বিষয় না। সে বেয়াদবি করেছে। বেয়াদবি করার দুঃসাহস তাকে কে দিল? বাজার বসিয়ে সেখান থেকে তারা নিয়মিত আয় করত।” 

Image
মেয়র আ জ ম নাছির উদ্দিনের পক্ষ নিয়ে আশ্রাফুজ্জামানের বিচার দাবিতে মঙ্গলবার চট্টগ্রামে কর্মসূচি পালিত হয়

মেয়র আ জ ম নাছির উদ্দিনের পক্ষ নিয়ে আশ্রাফুজ্জামানের বিচার দাবিতে মঙ্গলবার চট্টগ্রামে কর্মসূচি পালিত হয়

মারধরের অভিযোগের বিষয়ে প্রশ্নে করলে মেয়র নাছির বলেন, “তাকে বকাঝকা করেছি। মারধরের প্রশ্নই আসে না। অপরাধ আড়াল করার জন্য এখন নানা কথা বলছে।”

আশ্রাফুজ্জামান তার বাড়ি ‘গোপালগঞ্জ’ বলায় ক্ষিপ্ত হয়েছিলেন কি না- জানতে চাইলে আওয়ামী লীগ নেতা নাছির বলেন, “তার বাড়ি গোপালগঞ্জ নয়, মাদারীপুর। সে গোপালগঞ্জ বলে। আমি জানতাম না, সকালে একজন বলল।”

এই প্রকৌশলীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মেয়র বলেন, “তার বিরুদ্ধে অনেকে টেলিফোনে অনেক অভিযোগ করেছে। এ বিষয়ে যেখানে জানানো প্রয়োজন, জানানো হবে।”

এদিকে সোমবার সন্ধ্যার ঘটনার পর মঙ্গলবার সকালে ওই এলাকায় সিটি করপোরেশনের প্রকৌশলী ড্রেনের কাজে গেলে গৃহায়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আর বাধা দেওয়া হয়নি বলেও জানান মেয়র।

তিনি বলেন, “তাদের এস্টেট বিভাগের একজন বলেছেন, আপনারা কাজ করেন। পরে সরকারিভাবে সড়কের জন্য অনুমোদন করিয়ে নেবেন।”

পুরনো খবর:

মারধরের অভিযোগ নাছিরের বিরুদ্ধে, গৃহায়নকর্মীদের কর্মবিরতি