উন্নয়নের রোল মডেল কর্ণফুলী ও আনোয়ারা: জাবেদ
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও শিল্পায়নে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ‘আনোয়ারা-কর্ণফুলী সমিতি, ঢাকা’র দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের কাজের মাধ্যমে আমরা নতুন ধাপে প্রবেশ করেছি। এখান দিয়ে এশিয়ান হাইওয়ে হবে।
“যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সাথে সাথে কর্ণফুলী ও আনোয়ারা জনপদে সরকার আরও একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের পথে। আনোয়ারা-কর্ণফুলী এখন শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও শিল্পায়ন উন্নয়নের রোল মডেল।”
তিনি বলেন, “আমরা ধারাবাহিক সরকারের সুফল পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাচ্ছি। যে যেখানেই কর্মক্ষেত্রে থাকেন, নিজের রুটকে ভুলে গেলে চলবেনা।
“দেশের সাথে সাথে সবাইকে নিজ নিজ এলাকা নিয়েও ভাবতে হবে এবং কাজ করতে হবে, তাহলেই দেশের সামগ্রিক উন্নয়ন হবে।”
সাংস্কৃতিক অনুষ্ঠান ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয় সংবর্ধনা উপলক্ষ্যে।
অনুষ্ঠানে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী এবং ঢাকায় বসবাসকারী আনোয়ারা-কর্ণফুলী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
