চট্টগ্রামের সড়কে গেল ৮ প্রাণ
চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ আটজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত আরও ১১ জন।
বুধবার গভীর রাতে উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ চিড়িংগা ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাত ১টার দিকে ঢাকা থেকে কক্সবাজারমুখী ‘রিলাক্স’ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই এক শিশু ও দুই নারীসহ আটজনের মৃত্যু হয়। আহত অবস্থায় ১১ জনকে উদ্ধার করে পাঠানো হয় বিভিন্ন হাসপাতালে।
নিহতদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- তাসলিমা বেগম (২০), তার দুই বছর বয়সী মেয়ে সাদিয়া, মা হাসিনা মমতাজ (৪৫), আফজাল হোসেন সোহেল (৩০), আব্দুর শুক্কুর (২৮), সায়েম (২২) ও মাইক্রোবাসের চালক নুরুল হুদা (২৫)।
সাতকানিয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইদ্রিস জানান, দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। আর বাসটি রাস্তার বাঁ পাশে ধান ক্ষেতে পড়ে যায়।
