২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাকসু নির্বাচনের আগে ক্যাম্পাস ‘দখলমুক্ত’ করার দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আগে ‘দখলদারিত্বমুক্ত’ ক্যাম্পাস গড়ে তোলার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2019, 10:54 PM

Updated : 18 Aug 2022, 05:02 PM

তিন দশক বাদে চাকসু নির্বাচনের উদ্যোগ গ্রহণের পর বুধবার চাকসু ভবনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় তারা।

ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইমা আক্তার নিশু বলেন, “ক্যাম্পাসে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে বিভিন্ন সময় সরকার দলীয় ছাত্রসংগঠনগুলো দ্বারা সন্ত্রাসীদের হামলা ও নিপীড়নের শিকার হয়েছি।”

সবশেষ ১২ মার্চ প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে হামলা হয় বলেও অভিযোগ করেন তিনি।  

বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এই হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি দাবি করে সাইমা বলেন, “সম্প্রতি ডাকসু নির্বাচনের যে দৃষ্টান্ত সামনে এসেছে, আমরা দেখেছি সেখানে ছাত্রলীগের দখলদারিত্বকে প্রতিষ্ঠা দিতে প্রশাসন ভূমিকা রেখেছে।

“প্রশাসনের অতীত ভূমিকা আমাদেরকে এই অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে। তাই আমার প্রশাসনের নিকট উপযোগী পরিবেশ তৈরিকল্পে আমাদের দাবি পূরণের আহ্বান জানাচ্ছি।”

তিনি বলেন, “দীর্ঘদিন ধরে আমরা চাকসু নির্বাচনের দাবি করলেও বর্তমানে যে পরিস্থিতিতে প্রশাসন নির্বাচনের ঘোষণা দিয়েছে, সে পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল মাওয়া মুমু, দপ্তর সম্পাদক সুব্রত মণ্ডল, রাজেশ্বর দাশ গুপ্ত প্রমুখ।

তবে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘সবসময়’ কাজ করে যাচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী।

তিনি বলেন, “ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেই চাকসু নির্বাচন দেওয়া হবে । যাতে করে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়।”