২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির হলে খাবারের মান নিয়ে বিক্ষোভে শিক্ষার্থীরা

নিম্নমানের খাবার ও অস্বাস্থ্যকর পানি সরবরাহের অভিযোগ তুলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2019, 07:49 PM

Updated : 10 Oct 2022, 09:00 PM

বুধবার সকালে ভালো মানের পানি ও খাবার সরবরাহ করাসহ ২০ দফা দাবিতে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবির মধ্যে আছে- বিশুদ্ধ পানি সরবরাহ করা, ভালো মানের খাবার দেওয়া, পরিচ্ছন্ন থালাবাসন ব্যবহার করা, মশা ও সাপের উপদ্রব বন্ধে ব্যবস্থা নেওয়া, কক্ষে পড়ার টেবিল ও চেয়ারের ব্যবস্থা করা, কক্ষের দরজা-জানলা সংস্কার করা, ডাইনিং-গেস্ট রুম ও টিভি রুমে নষ্ট লাইট-ফ্যান বদলে দেওয়া এবং হল কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণ ও অসহযোগিতা বন্ধ করা।

হলের শিক্ষার্থীদের অভিযোগ, হলের পানির ট্যাঙ্ক ময়লায় পরিপূর্ণ। মরিচাযুক্ত ট্যাপে খাবার পানি সরবরাহ করা হয়; হলে নেই বাবুর্চি ও পর্যাপ্ত চেয়ার-টেবিল।

দীর্ঘদিনের এই সমস্যার কথা বারবার জানানোর পরেও হলে প্রাধ্যক্ষ কোনো সমাধান দেননি বলে দাবি করেন হলটির আবাসিক শিক্ষার্থী নীল উৎপল সরকার।

বিক্ষোভে অংশ নেওয়া এই শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের সমস্যাগুলো আজকের নয়। দীর্ঘদিন ধরে এ সমস্যাগুলো নিয়ে আমরা প্রভোস্ট স্যারের কাছে কয়েকবার গিয়েছি।

“কিন্তু তিনি আমাদের কোনো আশ্বাস দিতে পারছেন না। সমাধানও দিচ্ছেন না। তাই আবাসিক শিক্ষার্থীরা সমস্যা সমাধানের দাবিতে আন্দোলনে করছে।”

চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফয়সাল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “আমাদের হলের পানি আয়রন যুক্ত ও নোংরা। খাবারের মান খুব খারাপ এবং অপরিচ্ছন্ন।”

বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিদ্যা ইন্সটিটিউটের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ মাস্টার দা সূর্যসেন ছাত্রাবাসটি।

বুধবার সকাল ১০টায় শিক্ষার্থীরা ছাত্রবাসের বারান্দায় অবস্থান নিয়ে স্লোগান দেওয়া শুরু করে। প্রাধ্যক্ষ অধ্যাপক ড. খালেদ মিসবাহুজ্জামান ছাত্রাবাসে ঢুকলে মূল ফটক আটকে দেয় শিক্ষার্থীরা। তখন প্রাধ্যক্ষ আটকা পড়েন।

ছাত্রাবাসের বিভিন্ন সমস্যা সমাধানে উপাচার্যের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি দিলেও শিক্ষার্থীরা ছাড়ছিল না প্রাধ্যক্ষকে। বেলা আড়াইটার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা গিয়ে প্রাধ্যক্ষকে উদ্ধার করেন।

এরপর প্রাধ্যক্ষ ছাত্রাবাসের সমস্যা নিয়ে উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সঙ্গে আলোচনা করেন।

অধ্যাপক খালেদ মিসবাহুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হলটা অনেক পুরনো। নানান সমস্যা বিদ্যমান রয়েছে। আমি বিষয়টি সমাধানের জন্য উপাচার্য স্যারের সাথে কথা বলেছি। আশাকরি সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে।”