চট্টগ্রামে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন
কেক কাটা, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
রোববার দিনব্যাপী এই আয়োজন করে আওয়ামী লীগ, জেলা প্রশাসন, সিটি করপোরেশন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ নানা সরকারি সংস্থা ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানের সূচনা করা হয়।
এ সময় নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি সংসদ সদস্য ডা. আফছারুল আমিন ও সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন উপস্থিত ছিলেন।
অন্যদিকে জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে একটি শোভাযাত্রা বের হয়।
এতে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহাবুবর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রাটি সার্কিট হাউজ থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
সেখানে জেলা প্রশাসন, সিএমপিসহ সরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে কেক কাটা ও বেলুন উড়ানো হয়।
নগর ভবন চত্বরে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন এই কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে কাউন্সিলর ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সিএমপি কমিশনার মাহাবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেস ক্লাব ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী চট্টগ্রামের সাংবাদিকদের সংগঠন ‘উজ্জীবীত ৭১’।
এছাড়াও খেলাঘরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলোও নানা আয়োজন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকীতে।
