২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাদকের পলাতক আসামি গ্রেপ্তার

সাজার পরোয়ানা নিয়ে পলাতক এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2019, 06:55 PM

Updated : 18 Aug 2022, 05:00 PM

নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে শনিবার রাতে খোকন আলী ওরফে ভূট্টো (৪৫) নামে এ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ভূট্টোর বিরুদ্ধে ২০১২ সালের একটি মামলায় সাজার পরোয়ানা ছাড়াও আরও কয়েকটি মামলা আছে বলে জানিয়েয়েছেন সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর চান্দগাঁও এলাকা থেকে ২০১২ সালে ফেন্সিডিলসহ গ্রেপ্তার হয়েছিলেন ভূট্টো। কয়েক মাস এই মামলায় কারাগারে থেকে জামিনে ছাড়া পান।

“২০১৭ সালের ৩০ নভেম্বর চট্টগ্রামের একটি আদালত তাকে দুই বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকার অর্থদণ্ড দেয়। এরপর থেকে সে পলাতক।”

ওসি নেজাম বলেন, “জামিনে ছাড়া পেয়েও ভূট্টো মাদক ব্যবসা করতেন। গত বছরের মাঝামাঝি সময়ে মাদকবিরোধী অভিযান জোরালো হওয়ার পর সে সদরঘাট ছেড়ে বায়েজিদ এলাকায় আশ্রয় নিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।”

ওসি জানান, আদালতের সাজা পরোয়ানার নথি সদরঘাট থানায় পৌঁছানোর পর অভিযান শুরু করা হয়। অভিযানে সদরঘাট থানা পুলিশের একটি দল বায়েজিদ বোস্তামী এলাকা থেকে ভূটোকে গ্রেপ্তার করে।