২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪ দিন পর পানি পাচ্ছে বন্দর নগরীর একাংশ

সরবরাহ লাইন ফুটো হওয়ায় বন্দর নগরীর বহদ্দারহাট, চকবাজার ও বাকলিয়া এলাকার একাংশের মানুষ চার দিন ধরে পানি পায়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2019, 01:39 PM

Updated : 18 Aug 2022, 04:59 PM

পঞ্চম দিনে লাইন মেরামত শেষে চট্টগ্রাম ওয়াসা বলছে, শনিবার বিকাল থেকে পানি সরবরাহ স্বাভাবিক হতে শুরু করবে।

মঙ্গলবার বহদ্দারহাট চাঁন মিয়া সড়কে ওয়াসার সরবরাহ লাইনে ফাটল দেখা দেয়। পানি ছড়িয়ে পড়ে সড়কে।

এরপর থেকে সংলগ্ন বহদ্দারহাট, বাদুরতলা, চকাবাজার, রাহাত্তারপুল, ডিসি রোড, পশ্চিম বাকলিয়াসহ আশেপাশের এলাকায় পানি সরবরাহ বন্ধ হতে শুরু করে।

শুক্রবার এসব এলাকার কোনো কোনোটিতে অল্প পরিমাণে পানি সরবরাহ করা হলেও তা ছিল ব্যবহার অনুপযোগী।

বাদুরতলা এলাকার বাসিন্দা সিদ্দিকুল ইসলাম বলেন, এ মাসের শুরুতে বহদ্দারহাট মোড়ে পানির পাইপ ফেটে গিয়েছিল। পুরো সড়কে পানি ছড়িয়ে পড়ে।

“এরপর চাঁন মিয়া রোডেও পাইপ ফাটে। মঙ্গলবার থেকে বাসায় পানি আসছে না। গরমের মধ্যে কিভাবে দিন পার করছি সেটা বলে বোঝানো যাবে না। পানির অভাবে রান্নাও হয়নি দুই দিন।”

এদিকে ফেটে যাওয়া পাইপ লাইন সংস্কারের কথা জানিয়েছেন ওয়াসার প্রধান প্রকৌশলী ইয়াকুব সিরাজউদ্দৌলা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের ২৪ ইঞ্চি ব্যাসের একটি সরবরাহ লাইন লিকেজ হয়েছিল। সেটা মেরামত কাজ শেষ হয়েছে।

“আজ ভোর থেকে কিছু এলাকায় পানি সরবরাহ শুরু হয়েছে। আশাকরি বিকেলের মধ্যে সব এলাকায় পানি সরবরাহ স্বাভাবিক হবে।”