২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাম-ডান এক হয়েও ডাকসুতে পারেনি: হাছান মাহমুদ

ডাকসু নির্বাচনে ছাত্রলীগকে পরাজিত করতে বাম ও ডানপন্থি ছাত্র সংগঠনগুলো একত্রিত হয়েও সফল হতে পারেনি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2019, 07:15 PM

Updated : 18 Aug 2022, 04:59 PM

শুক্রবার চট্টগ্রামে তৃতীয়বারের মত আয়োজিত বীমা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

দীর্ঘ তিন দশক অপেক্ষার পর ডাকসু নির্বাচন হওয়ায় সন্তোষ প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, “এটি প্রচণ্ড ইতিবাচক দিক। কিছু ভুলত্রুটি সেখানে হয়েছে। সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বীকার করেছে। তারা তদন্ত করছে।”

গত ১১ মার্চ ওই নির্বাচনে ডাকসুর ২৫টি পদের মধ্যে জিএস-এজিএসসহ ২৩টি পদেই জয় পেয়েছে আওয়ামী লীগের ভাতৃপ্রতীম ছাত্র সংগঠন ছাত্রলীগ। আর ভিপি ও সমাজসেবা সম্পাদক পদী হয়েছেন কোটা আন্দোলনের প্ল্যাটফার্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থীরা।

ছাত্রদল, বামজোট এবং স্বতন্ত্রদের দুটি প্যানেলের পাশাপাশি ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদও কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে ওই ফলাফল বাতিল করে নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়েছে।

হাছান মাহমুদ বলেন, “যারা বামপন্থি সংগঠন করে, তাদের প্রতি আমি যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা রেখেই বলতে চাই, তারা বাম-ডান সবাই মিলে চেষ্টা করেছিল ছাত্রলীগকে হটিয়ে দেয়ার জন্য। কিন্তু বাম-ডান সবাই একত্রিত হয়েও ছাত্রলীগকে হারাতে পারেনি।”

সার্বিকভাবে ডাকসু নির্বাচন ‘ভালো’ হয়েছে দাবি করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, “দুয়েকটি হলে যারা কারচুপির অভিযোগ করেছেন, তারাই বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তারা সেখানে কীভাবে বেশি ভোট পেলেন?

“যারা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন তারাই যেখানে বিজয়ী হয়েছেন, এতে প্রমাণিত হয় সার্বিকভাবে ভালো নির্বাচন হয়েছে।”

ভিপি পদে বিজয়ী হয়েও নতুন নির্বাচনের আন্দোলনে থাকা নুরুল হক নূরসহ অন্যদের উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী বলেন, “অনুরোধ জানাব যারা নির্বাচিত হয়েছেন তারা ছাত্রদের রায়ের প্রতি সম্মান রেখে তাদের কার্যক্রম চালাবেন।”  

বিএনপি ও ঐক্যফ্রন্ট ডাকসু নির্বাচন নিয়ে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করছে অভিযোগ করে আওয়ামী লীগ নেতা হাছান বলেন, “তাদের তো নির্বাচনের মধ্যে খুঁজে পাওয়া যায়নি। ছাত্রদল কত ভোট পেয়েছে সেটি বলতেও তারা লজ্জা পাচ্ছে।”

অন্যদের মধ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী, জীবন বীমা করপোরেশন চেয়ারম্যান সেলিমা আফরোজ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য গোকুল চাঁদ দাস অনুষ্ঠানে বক্তব্য দেন।