২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ দুই ‘ভাড়াটে সন্ত্রাসী’ গ্রেপ্তার

চট্টগ্রামে কিরিচ ও ছুরিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2019, 05:55 PM

Updated : 18 Aug 2022, 04:59 PM

নগরীর দারুল ফজল মার্কেট ও রেয়াজউদ্দিন বাজার এলাকা থেকে মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- অলি উল্লাহ মামুন ওরফে অলি (২৩) ও কামরুল হাসান ওরফে হাছান (২৫)।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে দারুল ফজল মার্কেট এলাকা থেকে অলিকে একটি ছুরিসহ গ্রেপ্তার করা হয়।

অপর একটি টিম রেয়াজউদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে কিরিচসহ কামরুল হাসানকে গ্রেপ্তার করে বলে জানান তিনি।

ওসি বলেন, “অলি ও কামরুল দুইজনই পেশাদার সন্ত্রাসী। রেয়াজউদ্দিন বাজার এলাকার বিভিন্ন ব্যক্তির হয়ে তারা মারামারি, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে থাকে।

“এছাড়াও তারা বিভিন্ন ব্যক্তিকে ধরে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয়ার ঘটনাও ঘটিয়ে থাকে।”

নাম প্রকাশ না করে একধিক ব্যবসায়ী জানান, অলি ও কামরুল মূলত বিভিন্ন ব্যবসায়ীদের ছত্রছায়ায় রেয়াজউদ্দিন বাজার, তামাকমুন্ডি লেইন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করেন।

তারা ওইসব ব্যবসায়ীদের হয়ে বিভিন্নজনকে হুমকি, উচ্ছেদ, মারামারি করেন।

কোতোয়ালী থানার এসআই মৃণাল কান্তি মজুমদার বলেন, “রেয়াজউদ্দিন বাজারে বিভিন্ন মারামারির মূলে থাকে অলি। গত কয়েক মাসে সে রেয়াজউদ্দিন বাজারে বেশ কয়েকটি ছুরিকাঘাতের ঘটনা ঘটিয়েছে।”

অলির বিরুদ্ধে দুইটি ও কামরুল হাসানের বিরুদ্ধে তিনটি মামলা আছে বলে পুলিশ জানায়।