বোধনের অধ্যক্ষ পঞ্চানন চৌধুরী নেই
চট্টগ্রামের বোধন আবৃত্তি স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুক্তিযোদ্ধা পঞ্চানন চৌধুরী মারা গেছেন।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানান বোধন আবৃত্তি পরিষদের সদস্য প্রণব চৌধুরী।
তিনি বলেন, “মঙ্গলবার দুপুরে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।”
পঞ্চানন চৌধুরীর বয়স হয়েছিল ৬৪ বছর।, তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
পঞ্চানন চৌধুরী চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ছাড়াও তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন প্রগতিশীল আন্দোলনে সক্রিয় ছিলেন।
তিনি জনতা ব্যাংকে কর্মরত ছিলেন। জনতা ব্যাংক সিবিএ চট্টগ্রাম জোন (বি) এর সভাপতিও ছিলেন।
মঙ্গলবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের সংস্কৃতিকর্মী ও বিশিষ্ট নাগরিকরা পঞ্চানন চৌধুরীর প্রতি শেষ শ্রদ্ধা জানান।
রাতে চট্টগ্রামের আনোয়ারায় নিজ বাড়িতে পারিবারিক শ্মশানে রাষ্ট্রীয় সম্মান জানানো পর পঞ্চানন চৌধুরীর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
