চট্টগ্রামে পাটকল শ্রমিকদের কর্মবিরতি
বকেয়া বেতন, মজুরি কমিশন বাস্তবায়নসহ নয় দফা দাবিতে সারাদেশের মতো চট্টগ্রামেও আন্দোলন করছে পাটকল শ্রমিকরা।
মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) অধীনস্থ পাটকল শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করে মিলগুলোতে।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, বেতন থেকে প্রভিডেন্ড ফান্ডের টাকা কেটে রাখা হলেও ২০১৪ সাল থেকে অবসরে যাওয়া শ্রমিকদের প্রভিডেন্ড ফান্ডের টাকা দেওয়া হচ্ছে না। পাশাপাশি ২০১৩ সাল থেকে গ্রাচুয়িটিও দেওয়া হচ্ছে না।
১৮ মার্চের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে পরদিন ১৯ থেকে ২১ মার্চ পর্যন্ত ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে পাটকল শ্রমিকরা।
পাশাপাশি ১৯ মার্চ সকাল ৯টা থেকে ১১টা থেকে পর্যন্ত রাজপথ পথ, রেলপথ অবরোধ করার হুঁশিয়ারিও এসেছে বিক্ষোভ থেকে।
বন্দর নগরীর আমিন জুট মিলের সিবিএর সভাপতি আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাত সপ্তাহ ধরে শ্রমিকদের মজুরি বকেয়া আছে বিজেএমসির আওতাধীন জুট মিলগুলোতে।”
এছাড়াও ২০১৫ সালে ঘোষিত মজুরি কমিশন এখনও বিজেএমসি শ্রমিকদের জন্য চালু করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তাই নয় দফা দাবিতে দেশব্যাপী গত ২ মার্চ থেকে এ কর্মসুচি পালন করা হচ্ছে, বলেন আমিন জুট মিলের সিবিএর সভাপতি আরিফুর।
আমিন জুট মিল সিবিএর সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুল বলেন, “সরকার একসাথে পে-কমিশন ও মজুরি কমিশন ঘোষণা দিয়েছে।
“২০১৫ সালের জুন মাস থেকে মিলের কর্মকর্তারা পে-কমিশনের বর্ধিত বেতন ও সুযোগ-সুবিধা ভোগ করলেও শ্রমিকরা বর্ধিত বেতন পায়নি।”
বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) অধীনে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা জোনে মোট ২৬টি জুট মিল রয়েছে।
তার মধ্যে চট্টগ্রাম জোনে রয়েছে- আমিন জুট মিলস লিমিটেড ও ওল্ড ফিল্ডস লিমিটেড, গুল আহমেদ জুট মিলস লিমিটেড, হাফিজ জুট মিলস লিমিটেড, এমএম জুট মিলস লিমিটেড, আর আর জুট মিলস লিমিটেড, বাগদাদ-ঢাকা কার্পেট ফ্যাক্টরি লিমিটেড, কর্ণফুলী জুট মিলস লিমিটেড, ফোরাত কর্ণফুলী কার্পেট ফ্যাক্টরী, গালফ্রা হাবিব লিমিটেড এবং মিলস ফার্নিসিং লিমিটেডসহ ১০টি মিল।
