২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেলার বিরোধে যুবক খুনের ঘটনায় একজন গ্রেপ্তার

এক বছর আগে চট্টগ্রামে খেলার বিরোধে একটি খুনের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2019, 06:04 PM

Updated : 18 Aug 2022, 04:58 PM

নগরীর আলকরণ এলাকা থেকে সোমবার রাতে গ্রেপ্তার মো. জুয়েল (২০) হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে আদালতে জবানবন্দিও দিয়েছেন।

জুয়েলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার উপজেলার খারকোট গ্রামে। থাকতেন চট্টগ্রাম নগরীর আালকরণ এলাকায়। তিনি মামলার প্রধান আসামি বলে জানিয়েছে পুলিশ।

সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জুয়েল এ হত্যা মামলার প্রধান আসামি। হত্যাকাণ্ডের পরপরই সে পালিয়ে গিয়েছিল। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলকরণ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।”

গতবছরের ২৩ ফেব্রুয়ারি রাতে নগরীর সদরঘাট থানার জুঁই কমিউনিটি সেন্টারের সামনে মো. ইব্রাহীম নামের এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়। এই ঘটনায় ইব্রাহীমের মা মনোয়ারা বেগম জুয়েলকে প্রধান আসামি করে একটি মামলা করেন।

পুলিশ কর্মকর্তা নেজাম জানান, গ্রেপ্তার জুয়েল হত্যকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে মহানগর হাকিম খকায়রুল আমীনের আদালতে জবানবন্দি দিয়েছে।

ওসি বলেন, “জবানবন্দিতে জুয়েল জানিয়েছে হত্যাকাণ্ডের মাস খানেক আগে সদরঘাট সাহেব পাড়া কলাবাগান মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ইব্রাহিমের সাথে আগে গ্রেপ্তার রনির বিরোধ ও মারামারি হয়।

“সে জের ধরে গত বছরের ২৩ ফেব্রুয়ারি রনি, জুয়েলসহ আরও কয়েকজন মিলে ইব্রাহীমের ওপর হামলা চালায়। হামলায় জুয়েল ইব্রাহীমের পেটে ও বুকে ছুরিকাঘাত করে বলে জবানবন্দিতে জানিয়েছে।”

হত্যাকাণ্ডের ঘটনায় এজাহার নামীয় পাঁচজনসহ মোট সাতজনকে গ্রেপ্তারের কথা জানান ওসি নেজাম।

পুরনো খবর:

খেলার বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত