বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আইন মেনে চলতে হবে: দীপু মনি
শিক্ষাখাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে এর কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট আইন মেনে চলার তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
রোববার চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রথম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে `বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০’ আছে।
“আশা করি সে আইনটি যথযথভাবে মেনে নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সঠিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে।”
শিক্ষামন্ত্রী বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে শিক্ষা খাতে প্রসার ও মান উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
দেশের উন্নয়ন বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রাখার কথা জানান তিনি।
চট্টগ্রামের নাসিরাবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি। ছবি: সুমন বাবু
“পাশাপাশি বছরের প্রথম দিন বই উৎসবের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ কোটি নতুন বই বিতরণ, প্রাথমিক থেকে স্নাতোকোত্তর পর্যন্ত বৃত্তি, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন, ডিজিটাল ও মাল্টিমিডিয়া ক্লাস রুম, শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব নির্মাণ, বিনা বেতনে অধ্যয়নের সুযোগসহ শিক্ষাখাতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে আমাদের সরকার।”
উচ্চশিক্ষাকে সহজ করতে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, “বহুমুখী শিক্ষার পাশপাশি বিশেষায়িত শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
“ফলে দেশের তরুণ সমাজ গড়ে উঠছে দক্ষ জনশক্তিতে। কারিকুলাম শিক্ষার পাশাপাশি মানবিকতা, নৈতিকতা, দেশপ্রেম, সততা, কর্তব্যনিষ্ঠতা, আন্তরিকতা যেন তাদের মনের মধ্যে গেঁথে দিতে পারি সে প্রচেষ্টা আমরা নিয়েছি।”
শিক্ষার্থীদের মাদক ও সন্ত্রাস-জঙ্গিবাদ মুক্ত থেকে শৃঙ্খলা মেনে চলার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
বিশ্ববিদ্যালয় জীবনে পাওয়া জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করায় গুরুত্ব দিয়ে তিনি বলেন, “আমরা মনে করি একটা ডিগ্রি নিয়েছি, আমাদের পড়াশোনা শেষ। কথাটা আসলে তা নয়। কারণ শিক্ষার কোনো শেষ নেই।
“আগে আমরা বলতাম নলেজ ইজ পাওয়ার। কিন্তু শুধু নলেজ পাওয়ার নয়। নলেজকে যখন ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন করা যায় সেটাই ক্ষমতা।”
তিনি বলেন, “অনেকেই মনে করেন, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকলে চাকরি পাওয়া যায়। এটা ভ্রান্ত ধারণা। আমাদের শিক্ষা সার্টিফিকেটধারী হয়ে গেছে, কর্মধারী নয়।”
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক সংস্থা ইউজিসির চেয়ারম্যান মান্নান বলেন, “বেশকিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ আছে তারা সার্টিফিকেট বাণিজ্য করে। চ্যান্সেলর কর্তৃক মনোনীত ভিসি, প্রোভিসি, ট্রেজারারদের কাজ করতে দেয় না।”
বাংলাদেশে ৫২ শতাংশ বেকার কোনো না কোনো ভাবে সনদধারী উল্লেখ করে গত ১০ বছরে এর পরিবর্তন হয়েছে বলেও জানান ইউজিসির চেয়ারম্যান।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।
২০০৮ সালে কার্যক্রম শুরু করা এ বেসরকারি বিশ্ববিদ্যালয়টির স্কুল অব ইঞ্জিনিয়ারিং, স্কুল অব বিজনেস ও স্কুল অব লিবারেল আর্টসের অধীনে সাতটি বিষয়ের ৬০০ শিক্ষার্থী সমাবর্তনে অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মু. সিকান্দার খানের সভাপতিত্বে সমাবর্তনে অন্যান্যদের মধ্যে কথা বলেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান, বোর্ডের ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান, ট্রাস্টি বোর্ডের সদস্য দেবাশীষ চক্রবর্ত্তী।
