২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অপহরণকারী চক্রের ৫ জন গ্রেপ্তার

তারা কখনও পুলিশ, কখনও সংবাদিক কিংবা পুলিশ পরিচয় দিয়ে অপহর‌ণের পর আটকে রেখে সাংবাদিক পরিচয়ে তোলে আপত্তিকর ছবি; পরে সে ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আদায় করে টাকা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2019, 02:48 PM

Updated : 18 Aug 2022, 04:58 PM

এই ধরনের একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম পুলিশ।

গ্রেপ্তার পাঁচজন হলেন- মো. দিদারুল ইসলাম ওরফে দিদার (৩৫), ফাতেমা ইয়াসমিন নিশি (২৮), বিথিত মাহমুদ মোস্তফা সিফা (২৩), মো. আনোয়ার হোসেন ওরফে আনু (৪৪) ও রাকিব আল ইমরান (২৬)। 

গ্রেপ্তার ৫ জনকে শনিবার সংবাদ সম্মেলনে হাজির করে চট্টগ্রাম নগর পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার মেহেদী হাসান জানান, গত ২ মার্চ রাতে নুপূর মার্কেট এলাকার এক ব্যবসায়ীকে কাজীর দেউড়ি এলাকার এপোলো শপিং সেন্টারের সামনে থেকে ‘পুলিশ পরিচয়ে’ অপহরণ করা হয়।

“পরে তাকে একটি বাসায় আটকে রেখে বিভিন্ন ধরনের অপত্তিকর ছবি তুলে তা প্রকাশ করার হুমকি দিয়ে দুই লাখ টাকা দাবি করে।”

ওই ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা আদায়ের পর তাকে ছেড়ে দেওয়া হয়।  এরপর তার কাছ থেকে ঘটনা জেনে পুলিশ অভিযানে নামে।

পুলিশ কর্মকর্তা মেহেদী বলেন, এই চক্রটি গত পাঁচ বছরের এ ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছে এবং গ্রেপ্তারও হয়েছিল।

তিনি বলেন, “চক্রটিতে আরও একজন আছে। সে পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে মামলা হয়েছে।।”

সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ, সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) এসএম মোবাশ্বের হোসেন, কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন উপস্থিত ছিলেন।  

অভিযানের নেতৃত্ব দেওয়া কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার দিদার ও নিশি স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে থাকে। তবে বাসার ড্রইং রুমে কিছু আসবাবপত্র রাখলেও অন্যরুমগুলো খালি রাথে।

“বাসায় অবস্থান নিয়ে নিশি ও সিফা বিভিন্ন জনের মোবাইল নম্বর ও ফেইসবুক আইডি সংগ্রহ করে হোয়ার্টস আপ, ইমো ও সরাসরি ফোনে যোগাযোগ করে বন্ধুত্ব গড়ে তোলে। পরে ওই ব্যক্তিকে প্রলোভন দেখিয়ে বাসায় নিয়ে যায়। সেখানে তাদের দলের কেউ কেউ ‘সাংবাদিক’ পরিচয়ে বাসায় ঢুকে আপত্তিকর ছবি থোলে এবং তা প্রকাশের হুমকি দিয়ে টাকা আদায় করে।”

কামরুজ্জামান জানান, গ্রেপ্তার দিদার, রাকিব ও পলাতক কামরুল মিলে গত ২ মার্চ ওই ব্যবসায়ীকে বহনকারী অটো রিকশাটি থামিয়ে তাকে ধরে নিয়ে চশমা হিলের একটি বাসায় আটকে রাখে। বাসাটি দিদার ও নিশি স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া নিয়েছিল।

“ওই বাসায় নিয়ে আটকে রেখে সিফার সাথে ওই ব্যবসায়ীর আপত্তিকর এবং ইয়াবা দিয়ে ছবি তোলে। কামরুল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ছবিগুলো বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করার হুমকি দিয়ে দুই লাখ দাবি করে।”

চক্রটি পাঁচলাইশ, বায়েজিদ এলাকায় বেশি সক্রিয় জানিয়ে তিনি বলেন, “গ্রেপ্তার আনু বায়েজিদ এলাকায় থাকেন। সেখানে নিজেকে রাজনৈতিক দলের সদস্য হিসেবে পরিচয় দিয়ে থাকে। সে চক্রটির মূল হোতা।”

কামরুজ্জামান জানান, দিদার, নিশি ও সিফাকে চশমা হিলের বাসাটি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি নিয়ে রাকিবকে পাহাড়তলী ও আনুকে বায়েজিদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।