চট্টগ্রামে কভার্ড ভ্যান থেকে ৮৫ হাজার ইয়াবা উদ্ধার
চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে একটি কভার্ড ভ্যান থেকে ৮৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ, গ্রেপ্তার করা হয়েছে চালককে।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এ এম হুমায়ুন কবির জানান, বুধবার গভীর রাতে ফিরিঙ্গি বাজারের মমতাজ হোটেলের পাশের সড়কে খালি ওই কভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রফিকুল ইসলাম (৪৮) ঢাকার কেরানিগঞ্জের কালকনি গ্রামের মৃত সিরাজ উদ্দিন ব্যাপারির ছেলে।
পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, কভার্ড ভ্যানটি থামানোর পর গন্তব্য জানতে চাইলে চালক ‘অসংলগ্ন’ কথা বলতে থাকেন। সন্দেহ হওয়ায় পুলিশ ওই গাড়িতে তল্লাশি চালায়।
“চালকের সিটের নিচে বিশেষ কৌশলে ইয়াবাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। রামু থেকে এসব ইয়াবা কভার্ড ভ্যানে তোলা হয়েছিল। সেগুলো নিয়ে যাওয়ার কথা ছিল ঢাকায় কভার্ডভ্যানের মালিক আবদুর রহমানের কাছে।”
অতিরিক্ত উপ-কমিশনার বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল ইসলাম জানিয়েছে, এ কাজে তার সাথে আরও তিনজন জড়িত। কভার্ড ভ্যানের মালিক আবদুর রহমান ছাড়া অন্য দুজন হলেন কক্সবাজারের হিমছড়ি এলাকার মো. জামাল এবং ঢাকার মিরপুরের রবিউল ইসলাম রাব্বী।”
ইয়াবা উদ্ধারের ঘটনায় চট্টগ্রামের কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
