রাউজানে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
চট্টগ্রামের রাউজানে যাত্রীবাহী অটোরিকশা ও মালবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মারা গেছে তৃতীয় শ্রেণির এক ছাত্রী।
বুধবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে চুয়েটের অদূরে দেওয়ানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান রাউজান থানার এএসআই মো. আবদুস সালাম।
নিহত সাদিয়া আক্তার (১০) রাঙ্গুনিয়া উপজেলার নাজিমউদ্দিনের মেয়ে। সে রাঙ্গুনিয়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা সালাম বলেন, মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সাদিয়ার মৃত্যু হয়।
এছাড়া এ ঘটনায় আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- নাঈম উদ্দিন (৩৮), ফাতেমা বেগম (৩০) ও আফিয়া বেগম (৬৫)।
