২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বই পড়ে পুরস্কার পেল পাঁচ হাজার শিক্ষার্থী

বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত দেশব্যাপী উৎকর্ষ কার্যক্রমের আওতায় বই পড়ে পুরস্কৃত হল চট্টগ্রামের পাঁচ হাজার ২১০ জন শিক্ষার্থী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2019, 12:55 AM

Updated : 18 Aug 2022, 04:55 PM

শুক্রবার দুপুরে নগরীর মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দুই পর্বে ৮৮টি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ‘স্বাগত’, ‘শুভেচ্ছা’, ‘অভিনন্দন’ এবং ‘সেরা পাঠক’ পুরস্কার দেওয়া হয়।

পাশাপাশি লটারির মাধ্যমে ছয় জন শিক্ষার্থী এবং চারজন অভিভাবককে দুই হাজার টাকার বই দেওয়া হয় ‘বিশেষ পুরস্কার’ হিসেবে।  

বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ অনুষ্ঠানে বলেন, “মানুষ হলো দু’রকম। উচ্চতর মানুষ ও নিম্নতর মানুষ। আমরা উচ্চতর মানুষের আরেক নাম দিয়েছি আলোকিত মানুষ।”

‘বেশি বেশি’ বই পড়ায় গুরুত্ব দিয়ে শিশু-সাহিত্যিক আলী ইমাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “বই পড়ে তুমি যেমন কোটি কোটি আলোকবর্ষ দূরে মহাবিশ্বের খবর জানতে পারবে, সমুদ্রের তলদেশের খবরও জানতে পারবে।”

‘আলোকিত মানুষ’ হতে বেশি বেশি বই পড়ার কথা বলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনও।

তিনি বলেন, “বই পড়ার মাধ্যমেই মানুষের ভিতর সত্যিকারের মূল্যবোধ জাগ্রত হয়। আর মূল্যবোধই পারে আলোকিত মানুষ গড়ে তুলতে।”

বই পড়ার এই উৎসব আয়োজনে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গী হয়েছে গ্রামীণফোন লিমিটেড।

মোবাইল ফোন সেবাদানকারী দেশের শীর্ষ এ কোম্পানির চট্টগ্রাম অঞ্চলের হেড অব অপারেশনস ফিরোজ উদ্দিন অনুষ্ঠানে বলেন, “বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কার্যক্রমের সাথে যুক্ত থাকতে পেরে গ্রামীণফোন গর্বিত।

তিনি জানান, সবার জন্য অনলাইন পাঠাগার হিসেবে যৌথ উদ্যোগে একটি ই-লাইব্রেরি তৈরি করেছে গ্রামীণফোন ও বিশ্বসাহিত্য কেন্দ্র। যে কেউ অনলাইনে নিবন্ধন করে পছন্দের বই ডাউনলোড করে পড়তে পারবেন।

বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম পরিচালক (প্রোগ্রাম) মেসবাহ উদ্দিন আহমেদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগরের সংগঠক অধ্যাপক আলেক্স আলীম।