চাকসু নির্বাচনের দাবি ছাত্র ইউনিয়নের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনসহ ছয় দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ছাত্র ইউনিয়ন।
মঙ্গলবার চাকসু ভবনে সংগঠনটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতারা সংবাদ সম্মেলনে তাদের দাবি ও কর্মসূচি তুলে ধরেন।
ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সভাপতি ধীষণ প্রদীপ চাকমা বলেন, “দীর্ঘ ২৯ বছর ধরে চাকসু নির্বাচন না হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র চর্চা ব্যাহত হচ্ছে। চাকসু নির্বাচন না হওয়াতে বিশ্ববিদ্যালয় তার স্বকীয় চিন্তা, দর্শন এবং গণতন্ত্র চর্চার পথ থেকে বহু দূর সরে গিয়েছে। যার কারণে ছাত্রদের অধিকার সংরক্ষিত হচ্ছে না।
“অবিলম্বে চাকসু নির্বাচনের মাধ্যমে সিনেটে ছাত্র প্রতিনিধি নিশ্চিত করা হোক। তা না হলে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”
তাদের দাবিগুলো হল- অবিলম্বে চাকসু নির্বাচনের নিমিত্তে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সাথে প্রশাসনের বৈঠক আয়োজন করা, চবি থেকে ইসলামী ছাত্র শিবিরের নিবন্ধন বাতিল করা, চাকসু নির্বাচনের লক্ষে গঠনতন্ত্র সংশোধন করা, ভোটার তালিকা প্রণয়ন করা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক ও সাংস্কৃতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, ছাত্র সংগঠনের রাজনৈতিক সহাবস্তান নিশ্চিত করে দ্রুততম সময়ের মধ্যে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা।
কর্মসূচিগুলো হলো- আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত চাকসু নির্বাচনের দাবিতে পক্ষকালব্যাপী ক্লাস ক্যাম্পেইন ও গণস্বাক্ষর সংগ্রহ অভিযান পরিচালনা, ৬ মার্চ বিক্ষোভ মিছিল, ১২ মার্চ জয় বাংলা ভাষ্কর্যের সামনে প্রতিবাদী কবিতা পাঠের আসর এবং ১৮ মার্চ সংগৃহীত গণস্বাক্ষরসহ উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান।
সংবাদ সম্মেলনে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক গৌরচাঁদ ঠাকুর অপু, সাংগঠনিক সম্পাদক মাহবুবা জাহান রুমি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক উজ্জল চৌধুরী, উইকেচিং মারমা, দপ্তর সম্পাদক জিতায়ন চাকমা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক প্রত্যয় নাফাক বক্তব্য রাখেন।
