চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফের সংঘর্ষ
আবারও সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিভিত্তিক দুই সংগঠন।
শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে এই সংঘর্ষে দুই শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতের ধাওয়া পাল্টা ধাওয়ার জের ধরে শনিবার বিকালেও সংঘর্ষে জড়ায় বগিভিত্তিক সংগঠন ‘উল্কা’ ও ‘সিক্সটি নাইন’ গ্রুপের কর্মীরা। দুই পক্ষের ঢিলের আঘাতে দুইজন আহত হয়েছেন।
এ সময় ‘উল্কার’ পক্ষ নিয়ে ‘একাকার’, ‘ভি-এক্স’, ‘রেড সিগন্যাল’ ও ‘বাংলার মুখের’ কর্মীরাও সংঘর্ষে জড়ায়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারি সার্কেল) আব্দুল্লাহ আল মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে শাহজালাল হলের সামনে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
সংঘর্ষে আহত দুজন হলেন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সাইয়েন্সের সৈয়দ করিম মুগ্ধ এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম।
এক নেতাকে তুলে নিয়ে মারধরের জের ধরে শুক্রবার রাতে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারি হিসেবে পরিচিত ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ন্ত্রিত বগিভিত্তিক সংগঠন ‘উল্কা’ ও ‘সিক্সটি নাইন’ গ্রুপের কর্মীরা সংঘর্ষে জড়ালে অন্তত ১৪ জন আহত হন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠনগুলো নিয়ন্ত্রণ করে থাকেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা।
