২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের সড়কে লাশ হল বাবা-ছেলে

দাওয়াত খেয়ে বাসায় ফেরার পথে চট্টগ্রামের সড়কে প্রাণ গেছে মোটর সাইকেলআরোহী বাবা ও ছেলের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2019, 01:47 PM

Updated : 18 Aug 2022, 04:53 PM

বন্দরনগরীর ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া এলাকায় শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত সগির আহমেদের (৫০) বাসা চট্টগ্রামের মনসুরাবাদ এলাকায়। সেখানে একটি মুদি দোকান চালাতেন তিনি। তার ছেলে মো. জুনায়েদ (১০) গণপূর্ত বিদ্যা নিকেতনের পঞ্চম শ্রেণিতে পড়ত।

স্বজনদের বরাত দিয়ে ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সগির তার ছেলেকে নিয়ে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন ‘হল টোয়েন্টিফোরে’ দাওয়াত খেতে গিয়েছিলেন।

“সেখান থেকে মোটর সাইকেলে করে মনসুরাবাদের বাসায় ফেরার পথে ধনিয়ালাপাড়ায় কদমতলী ও দেওয়ানহাট ফ্লাইওভারের মাঝামাঝি এলাকায় তাদের মোটর সাইকেলকে কোন ‘বড় গাড়ি’ পেছন থেকে ধাক্কা দেয়।”

গুরুতর অবস্থায় উদ্ধার করে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান পরিদর্শক জহির।

তিনি বলেন, ছুটির দিনে রাত বেশি হওয়ায় ওই এলাকায় দোকানপাট বন্ধ ছিল। কেউ কেউ বলছেন, একটি কভার্ড ভ্যান মোটর সাইকেলটিকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে গেছে। তবে পুলিশ ওই গাড়ি শনাক্ত করতে পারেনি।