২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়েছে ১৪ বসত ঘর

চট্টগ্রামে অগ্নিকাণ্ডের তিন ঘটনায় পুড়ে গেছে ১৪টি বসত ঘর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2019, 02:15 PM

Updated : 18 Aug 2022, 04:51 PM

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বুধবার ভোর রাতে হাটহাজারি, রাঙ্গুনিয়া ও পটিয়া উপজেলায় এসব অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, হাটহাজারি উপজেলার ফতেপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেহের আলী চৌধুরীর বাড়িতে ভোর পৌনে ৪টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে।

হাটহাজারি ও বায়েজিদ ফায়ার স্টেশনের তিনটি গাড়ি দেড় ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই আটটি বসত ঘর পুড়ে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয় বলে জানান জসীম।

তিনি জানান, পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় রাত দেড়টার দিকে আগুন লাগার পর ভোর ৫টার দিকে তা নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। পাঁচটি বসত ঘর পুড়ে সেখানে অন্তত চার লাখ টাকা ক্ষতি হয়।

আর রাঙ্গুনিয়া পৌরসভায় একটি ঘর আগুনে পুড়ে এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।