চট্টগ্রামে পরিবেশ ছাড়পত্রহীন ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রামে পরিবেশ ছাড়পত্র না নিয়েই ইটভাটা, জাহাজ ভাঙ্গা চালিয়ে যাওয়া ১৬টি প্রতিষ্ঠানকে মোট সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪টিই ইটভাটা বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মুক্তাদির হাসান জানিয়েছেন।
তিনি বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চার দিন ধরে এসব প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
“পরিবেশের ছাড়পত্র ছাড়াই ইটভাটা ও শিপ ব্রেকিং ইয়ার্ড পরিচালিত হচ্ছিল।”
এ বিষয়ে প্রতিষ্ঠানগুলোকে নোটিশ দেওয়া হলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় অধিপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন এ বিষয়ে শুনানি করে জরিমানা নির্ধারণ করেন।
আগামী ১০ দিনের মধ্যে জরিমানার টাকা জমা দিতে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
এরমধ্যে সীতাকুণ্ডের খাজা শিপ ব্রেকিং ইয়ার্ডকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান মুক্তাদির।
যেসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এর মধ্যে ১০টি প্রতিষ্ঠানই চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ইটভাটা।
মেসার্স শাহজাহান, মেসার্স সিরাজ, মেসার্স সৌদিয়া, মেসার্স সোনালী, মেসার্স শেরেবাংলা, মেসার্স শাহজালাল ও মেসার্স বিবিএস ব্রিকস ম্যানুফ্যাকচারার নামের প্রতিটি ইটভাটাকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
এছাড়া হাটহাজারীর মোহাম্মদীয়, চৌধুরী ও এসএস ব্রিকসের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে এবং গ্রিন ব্রিকস ম্যানুফ্যাকচারারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি কুমিল্লার আলী নূর ব্রিকসকে ৫০ হাজার টাকা এবং এইচকে আলী ব্রিকসকে ৩০ হাজার টাকা জরিমানা করে অধিদপ্তর।
এছাড়া চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মেসার্স চৌধুরী ব্রিকসকে দেড় লাখ টাকা, কক্সবাজার জেলার সেন্টমার্টিনের কিংসুক বহুমুখী সমবায় সমিতিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
