২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হত্যার দায়ে দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে আট বছর আগে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2019, 04:22 PM

Updated : 18 Aug 2022, 04:46 PM

চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুল হালিম বুধবার এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত দুই আসামি হলেন- খোরশেদুল আলম ওরফে আবুল কালাম এবং জাহেদুল আলম। তাদের বাড়ি ফটিকছড়ি উপজেলার পূর্ব নানুপুরের ডাল কাটা গ্রামে।

বাদীপক্ষের আইনজীবী তরুণ কিশোর দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই আসামির বিরুদ্ধে খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের ফাঁসির আদেশ দিয়েছেন। পাশাপাশি তাদের পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।”

দুই আসামি মামলার শুরুতে গ্রেপ্তার হলেও পরে জামিন নিয়ে পালিয়ে যান বলে জানান এই আইনজীবী।  

মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ১১ এপ্রিল ডাল কাটা গ্রামে মো. ইউনুস সারেং (৫০) ও তার চাচাত ভাই হাসানকে কুপিয়ে গুরুতর জখম করেন খোরশেদুল আলম এবং জাহেদুল আলম। ঘটনাস্থলেই ইউনুস সারেং মারা যান।

আইনজীবী তরুণ কিশোর দেব বলেন, আসামিদের সঙ্গে স্থানীয় এক ব্যক্তির জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশও হয়েছিল।

“ঘটনার দিন ইউনুস ও হাসান জানতে পারেন, সালিশ করে জমিতে যে খুঁটি বসানো হয়েছিল তা খোরশেদ আর জাহেদুল সরিয়ে ফেলেছেন। এরপর ইউনুসরা সেখানে গেলে ধারালো কিরিচ দিয়ে তাদের এলোপাতাড়ি কোপানো হয়।”

ইউনুসের সঙ্গে থাকা হাসানও ওই ঘটনায় আহত হন। রায়ের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি সেদিনের ঘটনার বর্ণনা দেন। 

তিনি বলেন, “তারা দুজন আমাদের দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে। আমি ভাগ্যক্রমে বেঁচে গেলেও আমার ভাই মারা গেছে। আমার শরীরে এখনো আঘাতের চিহ্ন আছে।”

ওই ঘটনার পর ফটিকছড়ি থানা পুলিশ গিয়ে খোরশেদ ও জাহেদুলকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। নিহত ইউনুসের স্ত্রী খোদিজা আক্তার বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ ২০১১ সালের ৫ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার রায় দিল আদালত।