চট্টগ্রামে ট্রাকচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যু
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দেওয়ানহাট এলাকায় ট্রাকচাপায় মোটর সাইকেল আরোহী দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার রাত ১০টার দিকে ওই দুর্ঘটনার পরপর একজন এবং রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় অপরজন মারা যান।
নিহতরা হলেন- মো. হামিদ হাসান মিশকাত (২০) এবং সাইফুল ইসলাম রিকু (২১)।
লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজান এলাকার মৃত ওসমান ফারুকের ছেলে মিশকাত হাজী মুহাম্মদ মহসীন কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
আর রিকু পটিয়া উপজেলার বারইপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। তবে তিনি কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তা নিশ্চিত হওয়া যায়নি।
দোহাজারী হাইওয়ে পুলিশের এসআই মো. মোতালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বান্দরবান থেকে ঢাকাগামী একটি ট্রাক দেওয়ানহাট এলাকায় পেছন থেকে মোটর সাইকেলটিকে চাপা দেয়।
দুই বন্ধু মোটর সাইকেল নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছিলেন।
রিকুকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই মোতালেব।
অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে মিশকাত মারা যান বলে নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।
