সোশাল মিডিয়ায় ‘অপপ্রচার’: চট্টগ্রামে যুবক গ্রেপ্তার
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী ও আইন-শৃঙ্খলা বাহিনীকে নিয়ে ‘উসকানিমূলক অপপ্রচারের’ অভিযোগে চট্টগ্রামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, সোমবার ভোরে বাঁশখালী উপজেলার শেখেরখিল এলাকা থেকে জাহিদুল ইসলাম নামের ২০ বছর বয়সী ওই তরুণকে তারা গ্রেপ্তার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মেজর মেহেদী বলেন, “জাহিদুল দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন। ভোরে জাহিদুলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।”
তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান র্যাব মর্ককর্তা মেহেদী।
