২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিভি সাংবাদিকরাও আসছেন ওয়েজ বোর্ডে: তথ্যমন্ত্রী

টেলিভিশন সাংবাদিকদেরও ওয়েজ বোর্ডের আওতায় আনার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2019, 12:29 AM

Updated : 18 Aug 2022, 04:46 PM

রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, “এতদিন ওয়েজবোর্ড শুধু সংবাদপত্রের জন্য ছিল। টেলিভিশন সাংবাদিকদেরও যাতে এবারের ওয়েজবোর্ডে অন্তর্ভুক্ত করা যায়, তার প্রস্তাবনাও এসেছে। সম্প্রচার নীতিমালা হয়ে গেলে এ প্রক্রিয়া আরও সহজ হবে।”

তথ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের দাবি-দাওয়া নিয়ে কাজ শুরুর কথা জানিয়ে তিনি বলেন, “সাংবাদিকদের নবম ওয়েজবোর্ড নিয়ে কাজ শুরু করেছি। এর জন্য মন্ত্রিসভা কমিটি ইতোমধ্যে পুনর্গঠন করা হয়েছে, এটি আগের চেয়ে শক্তিশালী হয়েছে।”

সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, “সঠিক অভিযোগের ভিত্তিতে যে কোনো সংবাদ হতে পারে। সেটি কোনো মন্ত্রী বা রাষ্ট্রের বড় মাপের কোনো ব্যক্তির বিরুদ্ধেও।

“কিন্তু সমাজ রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার কথা আমাদের মনে রাখতে হবে। কোনো সংবাদ বা চিত্রের মাধ্যমে যাতে কোনো নেগেটিভ ইমপ্যাক্ট না পড়ে।”

দেশে অনলাইন সংবাদ মাধ্যমের বিস্তারের পাশাপাশি তা নিয়ে উদ্বেগও জানান হাছান মাহমুদ।

“অনেক অনলাইন মিডিয়া দায়বদ্ধতা এবং বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে। কিন্তু কিছু কিছু অনলাইন মিডিয়া প্রপাগান্ডার কাজে ব্যবহার হয়ে থাকে।”

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ।

মেয়র নাছির বলেন, “সংবাদকর্মী হলেও মাথায় রাখতে হবে তারা স্বাধীন দেশের দায়িত্বশীল নাগরিক। দেশের প্রতি দায়িত্ববোধ আছে। কলম আছে লিখে দেব, এ ধরনের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। লেখনীর মাধ্যমে জনগণের অনুকূলে বা বিপক্ষেও মত তৈরি হতে পারে।”

সম্মেলনে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং কো অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান স্বপন কুমার মল্লিক।