চট্টগ্রামের আ. লীগ নেতা নুরুল আলমের মৃত্যু
চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা সাবেক সাংসদ নুরুল আলম চৌধুরী মারা গেছেন।
উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার ভোর সোয়া ৫টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে উত্তরের সাধারণ সম্পাদক চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম জানান।
আওয়ামী লীগ নেতা নুরুল আলমের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
১৯৭৩ সালের নির্বাচনে ফটিকছড়ি থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন নুরুল আলম। পরে ১৯৮৬ সালে দ্বিতীয় বার নির্বাচিত হয়ে দিনি সংসদে গিয়েছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম ব্যাচের ছাত্র নুরুল আলম ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি। রূপালী ব্যাংকের পরিচালক ও ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত পদেও তিনি দায়িত্ব পালন করেছেন।
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হওয়ার পর ২০১৩ সালে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের হাল ধরেছিলেন নুরুল আলম।
এম এ সালাম জানান, সোমবার সকাল ১০টায় নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ এবং দুপুর ২টায় ফটিকছড়ি কলেজ মাঠে নুরুল আলমের জানাজা হবে।
বিকাল ৪টায় ফটিকছড়ি মতিয়ার রহমান উচ্চ বিদ্যালয় বিদ্যালয় মাঠে আরেক দফা জানাজা শেষে লেলাং ইউনিয়নের গোপালঘাটায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
