২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাইজেশনে গুরুত্বপূর্ণ প্রভাবক হবে চট্টগ্রাম: গ্রামীণফোন সিইও

বাংলাদেশের ডিজিটাইজেশনের অগ্রযাত্রায় চট্টগ্রাম গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করবে বলে মনে করেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2019, 09:34 PM

Updated : 18 Aug 2022, 04:45 PM

শনিবার বিকালে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত ‘অ্যাডভান্সিং চট্টগ্রাম থ্রু স্মার্ট আইসিটি সার্ভিসেস’ শীর্ষক এক প্যানেল আলোচনায় মূল প্রবন্ধে তিনি এ মন্তব্য করেন।

দ্বিতীয় ‘চট্টগ্রাম আইসিটি ফেয়ার ২০১৯’ উপলক্ষ্যে এই প্যানেল আলোচনার আয়োজন করা হয়।

মাইকেল ফোলি বলেন, চট্টগ্রামকে ডিজিটাইজেশনের মধ্যমণিতে রূপান্তর করলে শুধুমাত্র যে দেশের অর্থনীতির জন্যই গঠনমূলক হবে তা নয়। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভবিষ্যতের বিনিয়োগকারীদের জন্যও এটা উৎসাহজনক বিষয় হিসেবে বিবেচিত হবে।

“এ মহানগরী ও দেশের নীতিনির্ধারকরা, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বন্দরনগরীর সকল নাগরিককে এ প্রক্রিয়া দ্রুততর করার জন্য সক্রিয় হতে হবে।”

এ সময় তিনি চতুর্থ শিল্পবিপ্লবের সময়ে নতুন পণ্য ও সেবা নিয়ে আসা এবং উদ্ভাবনের ভূমিকার বিভিন্ন প্রেক্ষিতের ওপর গুরুত্বারোপ করেন।

প্যানলে আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার মাহমুদ হোসেন, ডাটাসফট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান রহমান রতন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিএসই বিভাগের অধ্যাপক ও আইইইই বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ মশিউল হক এবং চুয়েট আইইইই উইমেন এর চেয়ারপারসন শিমন মেহজাবীন। 

এর আগে দুপুরে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন।

চট্টগ্রাম চেম্বার এবং সোসাইটি অব চিটাগং আইটি প্রফেশনালস এর যৌথ আয়োজনে দ্বিতীয়বারের মত এই মেলার আয়োজন করা হল।